ভাড়া নেওয়া যাবে বিগ বেন!
যুক্তরাজ্যের বিশ্বখ্যাত স্থাপনা বিগ বেন (যার নাম বদলে সম্প্রতি রাখা হয়েছে এলিজাবেথ টাওয়ার) চলচ্চিত্রের শুটিংয়ের জন্য ভাড়া দেওয়ার পরিকল্পনা করছে সরকার। পার্লামেন্ট হাউস থেকে কিছু আর্থিক আয়ের ব্যবস্থা করতেই এ উদ্যোগ।‘এলিজাবেথ টাওয়ার’-এর ভেতরে চলচ্চিত্রায়ণের সুযোগ নিতে পরিচালকদের আহ্বান জানানো হবে। লক্ষ্য, বছরে বাড়তি তিন মিলিয়ন পাউন্ড আয়। ১৯৭৮ সালে থার্টি-নাইন স্টেপস ছবিতে ওই টাওয়ারের বিখ্যাত ঘড়ির কাঁটায় নায়কের ঝুলে থাকার দৃশ্য দেখানো হলেও এত দিন টাওয়ারের ভেতরে চিত্রায়ণের অনুমতি ছিল না। হাউস অব কমন্সের ফাইন্যান্স ও সার্ভিস কমিটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্ট হাউসের ঐতিহাসিক স্থানগুলো দর্শনার্থীদের দেখার সুযোগ করে দিতে প্রিমিয়াম ট্যুর চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে। তবে দেশের গণতান্ত্রিক ঐতিহ্যের অন্যতম প্রতীক পার্লামেন্ট ভবনের ব্যবসায়িক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। রক্ষণশীল দলের এমপি রবার্ট হালফন এলিজাবেথ টাওয়ারে প্রবেশের জন্য ফি আরোপের বিরোধিতা করে আসছেন। প্রতিক্রিয়ায় তিনি বলেন, পার্লামেন্ট হাউস গণতন্ত্রের সূতিকাগার; ঐতিহাসিক এই স্থাপনার যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি। তবে লেবার পার্টির এমপি জন ম্যান বলেছেন, পার্লামেন্ট হাউসকে ঘিরে প্রস্তাবিত পরিকল্পনায় যদি জনগণের ওপর করের চাপ কিছুটা কমে, তাহলে অবশ্যই তা করা উচিত।