অমর শিল্পী লেওনার্দো দ্য ভিঞ্চির নতুন একটি চিত্রকর্মের খোঁজ পেল বিশ্ব। নিলামে নতুন বিশ্বরেকর্ড মূল্য সাড়ে ১২ কোটি পাউন্ডে বিক্রি হতে পারে এটি। ‘সালভাতোর মুন্দি’ (বিশ্বের ত্রাতা) শিরোনামের ছবিটি লেওনার্দোর এক শিষ্যের আঁকা মনে করে এত দিন এর তেমন কদর করা হয়নি। ২৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৮ ইঞ্চি প্রস্থের চিত্রকর্মটিতে যিশুখ্রিষ্ট তাঁর ডান হাত আশীর্বাদের ভঙ্গিতে তুলে আছেন। বাঁ হাতে ধরা একটি ভূগোলক। ছবিটির প্রকৃত পরিচয় উদ্ধারকে শিল্প বিশেষজ্ঞরা চিত্রশিল্পের ক্ষেত্রে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটি আখ্যায়িত করছেন।চিত্রকর্মটি একসময় ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের কাছে ছিল। তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর তা যায় ছেলে দ্বিতীয় চার্লসের কাছে। পরে এটির আর খোঁজ পাওয়া যায়নি। উনিশ শতকে এটি পান ব্রিটিশ শিক্ষাবিদ ও চিত্রকর্ম সংগ্রাহক স্যার ফ্রান্সিস ক্রিক। কিন্তু ভিঞ্চির শিষ্য জোভান্নি আন্তনিও বোলত্রাফিওর কাজ মনে করে এটি ১৯৫৮ সালে মাত্র ৪৫ পাউন্ডে বিক্রি হয়। সম্প্রতি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইতালির বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি প্যানেল নিশ্চিত হয় এটা লেওনার্দো দ্য ভিঞ্চির নিজের আঁকা। মার্কিন শিল্পকর্ম ব্যবসায়ীদের একটি কনসোর্টিয়াম ছবিটি কিনেছিল। তারা এটির ওপর জমা কয়েক শতাব্দীর ময়লা ও আগের ব্যর্থ কিছু সংস্কার প্রচেষ্টায় জমা বার্নিশ তুলে ফেলতে বিশেষজ্ঞ নিয়োগ করে। পরিষ্কারের পর বিশেষজ্ঞরা প্রথমবারের মতো সন্দেহ করতে থাকেন, এটি লেওনার্দোর নিজের কাজ। আগামী নভেম্বরে চিত্রকর্মটি লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে প্রথমবারের মতো প্রদর্শন করা হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও ভিঞ্চি বিশেষজ্ঞ মার্টিন কেম্পকে চিত্রকর্মটি দেখতে ন্যাশনাল গ্যালারিতে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ চিত্রকর্মটি প্রদর্শনের ব্যাপারে লন্ডনের ন্যাশনাল গ্যালারি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। টেলিগ্রাফ অনলাইন।