ভিডিও ক্যামেরা যখন ইগলের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিডিও ক্যামেরা যখন ইগলের কাছে
ভিডিও ক্যামেরা যখন ইগলের কাছে

কুমিরের গতিবিধি আর সংখ্যা নির্ণয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চলে নদীর পাশে ক্যামেরা স্থাপন করেছিলেন বনরক্ষীরা। কিন্তু একটি ইগল এসে সেই ক্যামেরাটি নিয়ে গেছে।
শুধু তা-ই নয়, ক্যামেরাটি নিয়ে ওই ইগল দীর্ঘ পথ ঘুরে বেড়িয়েছে। অস্ট্রেলিয়ায় প্রায় ১১০ কিলোমিটার (৭০ মাইল) এলাকায় উড়েছে পাখিটি। আর এই সুযোগে ওই অঞ্চলের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাবন্দী হয়। গত সোমবার এই ভিডিও প্রকাশ করা হয়।
গত মে মাসে মার্গারেট নদীর তীরে ক্যামেরাটি স্থাপন করা হয়েছিল। এটি ১০ থেকে ১৫ সেন্টেমিটার (চার থেকে ছয় ইঞ্চি) দীর্ঘ এবং চওড়ায় পাঁচ সেন্টিমিটার (দুই ইঞ্চি)। ক্যামরাটি স্থাপনের পর পরই অদৃশ্য হয়ে যায়। বনরক্ষীরা মনে করেছিলেন, কোনোভাবে ক্যামেরাটি হয়তো নদীতে পড়ে গেছে।
বনরক্ষীরা সম্প্রতি ১১০ কিলোমিটার দূরে মেরি নদীর কাছে ক্যামেরাটি খুঁজে পান। পরে ভিডিও চালু করে দেখা যায়, আর কেউ নয়, একটি ইগল পাখি ক্যামেরাটি নিয়ে গিয়েছিল। পাখিটি যখন ঠুকরে ঠুকরে ক্যামেরাটি ছিনিয়ে নিয়ে যায়, সেই মুহূর্তটিও ক্যামেরায় ধারণ করা আছে।
বনরক্ষী রোনেইল স্কিন অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং করপোরেশনকে বলেন, এখন থেকে তাঁরা ক্যামেরা নাট-বলটু দিয়ে আটকে রাখার পরিকল্পনা করছেন। এপি।