ভিডিও গেমই তাঁর কাল হলো
কম্পিউটারে গেম খেলার প্রচণ্ড নেশা ছিল ক্রিস স্টানিফোর্থের (২০)। নাওয়া-খাওয়া বাদ দিয়ে প্রায় সারাক্ষণ কম্পিউটার নিয়ে পড়ে থাকতেন তিনি। এ নেশাই শেষে কাল হলো তাঁর। এর বিরূপ প্রভাবে রক্তনালিতে রক্ত জমাট বাঁধাসংক্রান্ত সমস্যায় আক্রান্ত হয়ে তিনি মারা যান।যুক্তরাজ্যের সাউথ ইয়র্কশায়ারের শেফিল্ড শহরের বাসিন্দা ছিলেন স্টানিফোর্থ। ময়নাতদন্তে দেখা গেছে, তাঁর রক্তনালিতে প্রচুর রক্ত জমাট বেঁধেছিল। দীর্ঘ সময় একই স্থানে বসে থাকার কারণে এ সমস্যার সৃষ্টি হয়।ছেলে হারানোর শোকে বিহ্বল স্টানিফোর্থের বাবা ডেভিড বলেন, ‘এক্সবক্সের (ভিডিও গেম কনসোল) মধ্যেই সে (স্টানিফোর্থ) বেঁচেছিল। আমি কখনো স্বপ্নেও ভাবিনি, এটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে।’ তিনি বলেন, ‘মা-বাবা হিসেবে আপনারা হয়তো ভাবতে পারেন, কম্পিউটার গেম খেললে সন্তানদের কোনো ক্ষতি হয় না। আসলে তা নয়।’স্টানিফোর্থের কোনো স্বাস্থ্যগত সমস্যা ছিল না। তবে তিনি দিনে অন্তত ১২ ঘণ্টা গেম খেলতেন। ডেভিড বলেন, সারা বিশ্বের শিশুরা দীর্ঘ সময় ধরে গেম খেলছে। তারা বুঝতে চায় না যে এটা তাদের মেরে ফেলতে পারে।চিকিৎসকেরা গত শুক্রবার নিশ্চিত করেছেন, রক্ত জমাট বাঁধাসংক্রান্ত সমস্যার কারণেই স্টানিফোর্থের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুসনদে এ কথাই উল্লেখ করা হয়েছে। কেউ দীর্ঘক্ষণ ধরে নড়াচড়া না করলে এ রোগ দেখা দেয়।সাধারণত কেউ দীর্ঘ সময় ধরে ঘণ্টার পর ঘণ্টা বিমানে যাত্রা করলে ডিভিটি (রক্ত জমাট বাঁধাসংক্রান্ত সমস্যা) দেখা দেয়। দেখা গেছে, কেউ অনেক সময় ধরে কম্পিউটারের সামনে বসে থাকলেও এ সমস্যা দেখা দেয়।চিকিৎসক প্রফেসর ব্রায়ান কলভিন বলেছেন, তবে ক্রিসের বয়সী কেউ ডিভিটিতে আক্রান্ত হওয়ার বিষয় বিরল ঘটনা।ছেলের মৃত্যুর পর ৫৪ বছর বয়সী ডেভিড এখন ডিভিটি ও কম্পিউটার গেমসের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করছেন। তিনি বলছেন, গেম খেলা একটি মজার জিনিস। একবার শুরু করলে তা বন্ধ করা যায় না। দীর্ঘক্ষণ ধরে খেলার কারণেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘আমি চাই না, এ কারণে আর কোনো শিশু মারা যাক।’ দ্য সান।