ভারতে ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস-সংক্রান্ত একটি ভিডিওচিত্র সম্প্রচার করায় অনুসন্ধানী ওয়েবসাইট কোবরাপোস্টের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে বিজেপি। দলটি ভিডিওটির সম্প্রচার বন্ধের দাবি জানায়। লোকসভা নির্বাচনের মাত্র তিন দিন আগে ভিডিওটির পোস্ট দেওয়া হয়।
কোবরাপোস্টের প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। অভিযোগ রয়েছে, বাবরি মসজিদ গুঁড়িয়ে দিতে বিজেপির মিত্র বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও শিবসেনা পরিকল্পনা করেছিল। পরে পরিকল্পনা বাস্তবায়নে তাদের কর্মীদের প্রশিক্ষণও দিয়েছিল। কোবরাপোস্টের ওই ভিডিওচিত্রটির সত্যতা এনডিটিভি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।
বিজেপির মুখতার আব্বাস নাকভি বলেন, ‘ভোটের পরিবেশ ঘোলাটে করতেই কংগ্রেস এ ধরনের ষড়যন্ত্র করছে। ভিডিওচিত্রে কী আছে, এর চেয়েও বড় বিষয় হলো কখন তা প্রচার করা হচ্ছে।’
এর জবাবে কংগ্রেস নেতা মিম আফজাল বলেন, ‘পুরোনো ক্ষত খুলে নির্বাচনী পরিবেশ নষ্ট করার এই পদক্ষেপ বিজেপির।’
১৯৯২ সালের ৬ ডিসেম্বর কট্টর হিন্দুরা ষোল শতকের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। এনডিটিভি।