ভিডিওতে উইলিয়াম-কেটের নাচ
প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন বিয়ের পোশাকে নেচে চলেছেন। রাজপরিবারের সদস্যরা সারি বেঁধে ওই নাচ উপভোগ করছেন। কখনো করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছেন ব্রিটিশ রাজপরিবারের নবদম্পতিকে। আবার কখনো নিজেরাও এ নাচে তাল দিচ্ছেন, নেচে চলেছেন।উইলিয়াম ও কেটই শুধু নন, নাচুনেদের দলে রয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স ফিলিপস, প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা, প্রিন্সেস অ্যান, প্রিন্সেস ইউজিন ও বিয়েত্রিস, প্রিন্স এডওয়ার্ড এবং ক্যান্টারবুরির ধর্মযাজক। নবদম্পতির সঙ্গে তাঁরাও থেকে থেকে নেচেছেন। উল্লাসে ফেটে পড়েছেন। আর উইলিয়ামের ছোট ভাই প্রিন্স হ্যারি তো রীতিমতো হিরো। উদ্দাম নেচেছেন তিনি।ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের অন্তরঙ্গ এ নাচের দৃশ্য একটা ভিডিওচিত্রে দেখা যাচ্ছে। ভিডিওচিত্রটি নির্মাণ করেছে টি-মোবাইল নামের একটি প্রতিষ্ঠান। ভিডিওচিত্রটি ইউটিউবে ছাড়া হয়েছে। বলার আর অপেক্ষা রাখে না, পুরোটাই বানানো। সে যা-ই হোক, এই ভিডিওচিত্র এখন সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এ দৃশ্য দেখতে অন্তত ৫০ লাখবার ক্লিক পড়েছে, ইউটিউবে।টি-মোবাইলের এক মুখপাত্র জানান, ‘আমরা অধীর আগ্রহে উইলিয়াম ও কেটের বিয়ের অনুষ্ঠানের প্রহর গুনছি। গোটা ব্রিটেন এ বিয়ের জ্বরে কাঁপছে। ব্রিটেনের বাইরে, সারা বিশ্বের মানুষের মধ্যেই এ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। এ কারণেই ওই ভিডিওচিত্র নির্মাণ করা।’প্রসঙ্গত, লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ২৯ এপ্রিল উইলিয়াম ও কেটের বিয়ের অনুষ্ঠান হবে। অরেঞ্জ অনলাইন।