আফগান তালেবান গত বুধবার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে কাবুল থেকে পাঁচ মাস আগে অপহৃত হওয়া যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দুজন অধ্যাপককে দেখা গেছে। এতে দৃশ্যত প্রথমবারের মতো তাঁদের বেঁচে থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে। জিম্মিদের উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযান ব্যর্থ হওয়ার পর বুধবার তালেবানের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ ১৩ মিনিট ৩৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। এতে কাবুলে অবস্থিত অভিজাত মার্কিন বিশ্ববিদ্যালয় আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানের সেই দুই অধ্যাপককে দেখা যায়। অস্ট্রেলিয়া গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, জিম্মিদের মুক্ত করতে অন্য দেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা। গত ৭ আগস্ট কাবুলে পুলিশের পোশাক পরা বন্দুকধারীরা ওই দুই বিদেশি অধ্যাপককে অপহরণ করে। তাঁদের উদ্ধারে সেই মাসেই একটি গোপন অভিযান চালায় ইউএস স্পেশাল অপারেশনস বাহিনী, যা ব্যর্থ হয়। পরে সেপ্টেম্বর মাসে পেন্টাগন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদন নিয়ে আফগানিস্তানের অনির্দিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করার কথা জানায়। সেই সঙ্গে এও জানায় যে সেখানে জিম্মিরা ছিলেন না।