ভিডিওলিংকের মাধ্যমেও ভাষণ দিতে পারেননি রুশদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্থানের জয়পুরে সাহিত্য উৎসবে ভিডিওলিংকের মাধ্যমেও ভাষণ দিতে পারেননি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি। নিরাপত্তা উদ্বেগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার পরিকল্পিত ওই ভিডিও ভাষণ বাতিল করা হয় বলে আয়োজকেরা জানিয়েছেন।সাহিত্য উৎসবে অংশ নেওয়া মুসলিম গ্রুপগুলো ওই ভিডিও ভাষণ বন্ধ করার ব্যবস্থা নিতে রাজস্থান পুলিশের প্রতি আহ্বান জানিয়েছিল। জয়পুর সাহিত্য উৎসবে গত শুক্রবার সশরীরে অংশ নেওয়ার কথা ছিল রুশদির। তবে তাঁকে হত্যার পরিকল্পনা বিষয়ে একটি গোয়েন্দা প্রতিবেদনের পর গত সপ্তাহে তিনি ভারতে আসার পরিকল্পনা বাতিল করেন। যদিও ওই গোয়েন্দা প্রতিবেদনের সত্যতা নিয়ে রুশদি সংশয় প্রকাশ করেন। সাহিত্য উৎসবের আয়োজকেরা গত সোমবার জানান, সশরীরে না এলেও রুশদি ভিডিওলিংকের মাধ্যমে সাহিত্য উৎসবে ভাষণ দেবেন। গতকাল বেলা তিনটা ৪৫ মিনিটে তাঁর ওই ভাষণ দেওয়ার কথা ছিল।উৎসবের আয়োজক সঞ্জয় রায় বলেন, মুসলিম বিক্ষোভকারীরা রুশদির ভাষণ শুনতে জড়ো হওয়া লোকজনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে বলে পুলিশ সতর্ক করে দিয়েছিল।জয়পুরের ডেপুটি পুলিশ কমিশনার বিজেন্দ্র ঝালা সাংবাদিকদের বলেন, সাহিত্য উৎসবের ভেন্যুর স্বত্বাধিকারীরা পুলিশকে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে রুশদির ওই ভিডিও ভাষণের অনুমতি দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। রুশদির ভাষণ শুনতে জড়ো হওয়া লোকজনের উদ্দেশে ভেন্যুর স্বত্বাধিকারী রাম প্রতাপ সিং বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণকারী পুলিশের পরামর্শে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। রুশদির বিতর্কিত উপন্যাস স্যাটানিক ভার্সেস ১৯৮৮ সালে প্রকাশিত হয়। ইসলাম ধর্মের প্রতি বিদ্রূপ মন্তব্য করা ওই উপন্যাসটি ভারতসহ বেশ কয়েকটি দেশেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এএফপি।