ভিনগ্রহের মানুষের সঙ্গে সাক্ষাৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলিয়েন (ভিনগ্রহের ‘প্রাণী’) নিয়ে কেচ্ছা-কাহিনীর শেষ নেই। এ নিয়ে অনেক গল্পকাহিনী প্রচলিত। কিছু লোক তো এলিয়েন দেখেছেন, এমনকি তাদের সঙ্গে কথাও বলেছেন বলেও দাবি করেন। এবার রুশ ফেডারেশনের একটি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ও বিশ্ব দাবা ফেডারেশনের (ফিদে) প্রধান বললেন তিনিও এলিয়েন দেখেছেন।রুশ ফেডারেশনের প্রজাতন্ত্র কালমিকিয়ার প্রেসিডেন্ট কিরসান ইলিউমঝিনোভের দাবি—মস্কোর অ্যাপার্টমেন্টের ঝুলবারান্দায় এলিয়েনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তাঁর। গত সপ্তাহে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। ইলিউমঝিনোভের দাবি, ১৯৯৭ সালে এলিয়েনের সাহচর্যে কয়েক ঘণ্টা কাটিয়েছেন তিনি। ইলিউমঝিনোভ বলেন, সেদিন মস্কোয় নিজের অ্যাপার্টমেন্টে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। ওই সময় তিনি ঝুলবারান্দার দরজা খোলার শব্দ শুনতে পান। তিনি আরও শুনতে পান, কেউ যেন তাঁকে ডাকছে। বারান্দায় গিয়ে তিনি আধা-স্বচ্ছ পাইপ দেখতে পান। পাইপের কাছে গিয়ে মহাশূন্যভ্রমণে ব্যবহূত হলুদ রঙের পোশাক পরা এলিয়েন দেখতে পান।ইলিউমঝিনোভের দাবি, ‘ব্রেন ওয়েভ’-এর মাধ্যমে এলিয়েনের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন তিনি। ইলিউমঝিনোভ আরও বলেন, ‘আমি সম্ভবত এটা বিশ্বাস করতাম না, যদি না ওই সময় সেখানে তিনজন প্রত্যক্ষদর্শী থাকতেন। তাঁরা হলেন আমার গাড়ির চালক, একজন মন্ত্রী ও আমার সহকারী।’এই রাজনীতিক আগেও এ দাবি করেছেন। কিন্তু তিনি আবারও এ দাবি করলেন, যখন তিনি ফিদের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। রুশ এমপি আন্দ্রে লেভেদেভ এ ঘটনার তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, এ বিষয়টি পরীক্ষা করে দেখা উচিত যে অস্বাভাবিক ওই যোগাযোগের সময় ইলিউমঝিনোভ নিজের দায়িত্বের ও রাষ্ট্রীয় কোনো গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন কি না। টেলিগ্রাফ।