ভিন্ন দেশ ভিন্ন সংস্কৃতি, তবে উৎসব একটাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডনি, হার্বার—অস্ট্রেলিয়া, লন্ডনের বিগবেন ও নিউইয়র্কের টাইমস স্কয়ার। মাঝে পাঁচটি মহাদেশ। ভিন্ন ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতি। ধর্ম ভিন্ন, ভিন্ন ঐতিহ্য। তবে উৎসব একটাই। নববর্ষ।২০১১ সালকে বরণ করে নিতে গতকাল শনিবার উৎসবে মেতেছিল বিশ্বের প্রতিটি দেশ, প্রতিটি জাতি। নগর-বন্দর-গ্রাম। আতশবাজি পুড়িয়ে, নেচে-গেয়ে আনন্দের মধ্যেই নববর্ষ উদ্যাপন করেছে সবাই। সবার একই প্রত্যাশা—নতুন বছরটি শুভ হোক সবার জন্য।উৎসবের শুরুটা হয় পূর্ব গোলার্ধে প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দেশ কিরিবাতি থেকে। আন্তর্জাতিক সময়রেখার একেবারে পূর্বপ্রান্তে অবস্থিত এই দেশে ঘড়ির কাঁটা ঠিক রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় নববর্ষ উদ্যাপন। এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ড, অস্ট্রেলিয়ার সিডনি হয়ে দ্রাঘিমাংশ ধরে ধরে উৎসব ছড়িয়ে পড়তে থাকে পশ্চিম দিকে।নিউজিল্যান্ডে মূল উৎসব হয় সবচেয়ে বড় শহর অকল্যান্ডের স্কাই টাওয়ারকে ঘিরে। ৩২৮ মিটার উঁচু এই টাওয়ার থেকে শুরু হয় চোখ ধাঁধানো আতশবাজির খেলা।অস্ট্রেলিয়ায় উৎসবের কেন্দ্রস্থল ছিল সিডনি হার্বার ব্রিজ। আতশবাজির আলোর ঝলকানি উপভোগ করতে সেখানে জড়ো হয় প্রায় ১৫ লাখ মানুষ। নাচে-গানে মেতে ওঠে তারা। পোড়ানো হয় প্রায় সাত টন আতশবাজি।এশিয়ার দেশ হংকংয়ে এবারই প্রথম পশ্চিমা ধাঁচে বিশাল আয়োজনে পালিত হয় নববর্ষ উৎসব। ভিক্টোরিয়া হার্বারে ছিল আতশবাজির বর্ণিল আয়োজন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে জড়ো হয়েছিল প্রায় ৫৫ হাজার মানুষ। সেখানে এবারই প্রথম নববর্ষের কাউন্ট-ডাউন করা হয়।জাপানের টোকিওতে জোজোজি টেম্পলে সন্তুরা স্তবগীত গেয়ে ও রুপালি বেলুন উড়িয়ে নববর্ষকে স্বাগত জানায়। এ সময় টেম্পলের সাত টন ওজনের দ্বৈতাকার ঘণ্টাটি বাজতে থাকে। সেখানে জড়ো হয় প্রায় ১০ হাজার মানুষ।চীনের রাজধানী বেইজিংয়ের বেল মিউজিয়ামে ৪৬ টন ওজনের ঘণ্টা বাজিয়ে নববর্ষকে স্বাগত জানায় অসংখ্য মানুষ।দক্ষিণ কোরিয়ার সিউলে ঐতিহ্যবাহী ঘণ্টাবাজানো উৎসব ও আতশবাজির মাধ্যমে নববর্ষকে বরণ করে নেয় প্রায় ৮০ হাজার মানুষ।তাইওয়ানের রাজধানী তাইপেতে নববর্ষের প্রথম প্রহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয় প্রায় সাত হাজার জুটি। দেশটিতে গত বছর এক দিনে এটিই সর্বোচ্চ বিয়ের ঘটনা।তবে মিয়ানমারে নববর্ষ উদ্যাপনে আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করে জান্তা সরকার। আতশবাজি পোড়ানো হলে কঠোর শাস্তির ঘোষণা দেয় জান্তা।মধ্যপ্রাচ্যের দুবাইয়েও নববর্ষ উদ্যাপিত হয় ঘটা করে। আতশবাজির ও লেজারের রুপালি আলোর ছটায় এক অপরূপ দৃশ্য ধারণ করে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন (৮২৮ মিটার) বুর্জ আল-খলিফা। ১০ মিনিট ধরে চলে আতশবাজির এই চোখ ধাঁধানো খেলা। প্রচণ্ড শীতের মধ্যেও নবর্ষের উৎসবে মেতে ওঠে ইউরোপজুড়ে প্রতিটি দেশের মানুষ। লন্ডনে উৎসবের কেন্দ্রস্থল ছিল বিগবেন, লন্ডন আই। সেখানে লাল, সাদা, নীল আতশবাজির চোখ ধাঁধানো মনোমুগ্ধকর প্রদর্শনী উপভোগ করে লাখ লাখ মানুষ। বিশাল চাকা লন্ডন আইতে আতশবাজির প্রদর্শনী দেখতে টেমস নদীর তীরজুড়ে জড়ো হয়েছিল প্রায় আড়াই লাখ মানুষ।ফ্রান্সে উৎসব মানেই আইফেল টাওয়ার। নববর্ষ উদ্যাপনও ছিল আইফেল টাওয়ারকে ঘিরে। শীতের মধ্যে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।ইউরোপজুড়ে আরও বড় বড় অনুষ্ঠান হয়েছে, মস্কোর রেড স্কয়ার, বার্লিনের ব্রান্ডেনবার্গ গেট ও প্যারিসের চ্যামস-ইলেসিসে।প্রশান্ত মহাসাগরের অপর পারে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রধান উৎসব হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে। ঐতিহ্যবাহী কাউন্ট-ডাউনের সঙ্গে সঙ্গে আতশবাজির খেলায় যোগ দেয় কয়েক লাখ মানুষ। শুধু টাইমস স্কয়ারের অনুষ্ঠানে অংশ নেয় প্রায় ১০ লাখ মানুষ। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্রসৈকতের সাদা বলুচরে নেচে-গেয়ে আর আতশবাজির খেলায় উৎসবে মেতে ওঠে প্রায় ২০ লাখ মানুষ। এ সময় সেখানে ২০১৬ সালের অলিম্পিকের লোগো উন্মোচন করা হয়।তবে আফ্রিকার কয়েকটি দেশে উৎসব মাটি হয়েছে হামলা ও বিস্ফোরণে। মিসরের আলেকজান্দ্রিয়া শহরের একটি গির্জায় উৎসবের সময় হামলায় মারা গেছে কমপক্ষে ২১ জন এবং আহত হয়েছে ২৪ জন। নাইজেরিয়ার আবুজায় একটি মার্কেটে বোমা বিস্ফোরণে মারা গেছে ১১ জন। এএফপি, বিবিসি, এপি, গার্ডিয়ান, দ্য মেইল।