ভিন্ন ধারার সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে সঞ্চারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট মিনস্টার ইউনাইটেড চার্চে আয়োজিত সঞ্চারীর অনুষ্ঠানে িশল্পীদের পরিবেশনা
ওয়েস্ট মিনস্টার ইউনাইটেড চার্চে আয়োজিত সঞ্চারীর অনুষ্ঠানে িশল্পীদের পরিবেশনা

সাংস্কৃতিক সংগঠন ‘সঞ্চারী’র একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে মিসিসাগায় অবস্থিত ওয়েস্ট মিনস্টার ইউনাইটেড চার্চে ২৬ আগস্ট শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হলো একটি ভিন্ন ধারার সাংস্কৃতিক আয়োজন। পিনপতন নীরবতায় দর্শক উপভোগ করল একটি ভিন্ন ধারার অনুষ্ঠান। সুর, বাণী, আবৃত্তি, নৃত্যের ছন্দ, এবং সেতারের মিষ্টি ছোঁয়ায় একটি অন্যরকম সন্ধ্যা তাঁরা উপভোগ করেন।

অনুষ্ঠানের শুরুতে সঞ্চারীর সদস্য শাহজাহান কামাল অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব তুলে দেন অজন্তা চৌধুরীর হাতে। শুদ্ধ সংস্কৃতির চর্চায় সঞ্চারীর যে ধারা তার কিছুটা ভূমিকা অজন্তা তুলে ধরেন তাঁর সূচনা কথাতে। অনুষ্ঠান শুরু হয় সমবেত সংগীতের মাধ্যমে। এতে অংশ নেন সঞ্চারীর সদস্য শাহজাহান কামাল, আতাউল গনি, শওকত হোসেন, সূচনা বড়ুয়া, রেহানা রহমান, বেনু রেজা, ইভা গনি এবং লাভলি। এর পরে নৃত্য পরিবেশনায় মঞ্চ আলোকিত করেন তাপস দেব এবং চিত্রা দাস। দিলারা নাহার বাবুর কবিতা আবৃত্তি ছিল অনুষ্ঠানের আরও একটি ভিন্ন সংযোজন। টরোন্টোর গুণী ব্যক্তিত্ব এবং গর্ব বিশিষ্ট লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক একই সঙ্গে সঞ্চারীর একজন নিবেদিত প্রাণ সদস্য হাসান মাহমুদকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয় সঞ্চারীর পক্ষ থেকে বিরতির ঠিক আগে। এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় হাসান মাহমুদের স্মৃতিচারণমূলক কথাতে এবং পরবর্তীতে তাঁর কবিতার পংক্তিমালায়। এরপর অনুষ্ঠানের বিরতি টানা হয়। বিরতির পরে সঞ্চারীর সদস্য এবং সংগীত শিল্পী শাহজাহান কামাল এবং আতাউল গনি সংগীত পরিবেশন করেন। এরপর আমন্ত্রিত সংগীত শিল্পী পর্বে টরোন্টোর গুণী সংগীত শিল্পী সূচনার বড়ুয়া, টিনা কিবরিয়া এবং শিখা রউফের মিষ্টি কণ্ঠে এবং নিখুঁত গায়কিতে দর্শক শ্রোতা মুগ্ধতার মায়াজালে জড়িয়ে পড়েন।
এরপর আমন্ত্রণ জানানো হয় প্রখ্যাত সেতার বাদক ইরশাদ খানকে। ইরশাদ খানের পরিবেশনায় চমকিত হয় দর্শক। ইরশাদ খানের বিশেষ বৈশিষ্ট্য যা তাঁকে সবার থেকে আলাদা করেছে তা হলো সেতারের সঙ্গে কণ্ঠ সংযোজন। ‘সাধের লাউ’ থেকে শুরু করে ‘ওকে আজ চলে যেতে বল না’ সহ অনেক পরিচিত গানের নির্বাচনে মুগ্ধ দর্শক যখন বুঁদ হয়ে আছে ঘড়ির কাঁটা তখন অনুষ্ঠান সমাপ্তির পথে। অনুষ্ঠানে তবলায় ঝড় তুলেছেন ভারতের বিশিষ্ট তবলা বাদক শ্রী অশোক দত্ত, কি-বোর্ডে এবং শব্দ নিয়ন্ত্রণে ছিলেন টরোন্টোর গুণী সংগীত তারকা মাহবুবুল হক। অনুষ্ঠানের আরেকটি বাড়তি আকর্ষণ ছিল দুইটি ঋতুকে ঘিরে শৈল্পিক আদলে তৈরি করা মঞ্চটি, মঞ্চটি নির্মাণ করেছেন ফারজানা নুশা আহমেদ এবং ফাহমিদা তিশা আহমেদ।
টরোন্টোতে এমন একটি শুদ্ধ সংগীতের অভিপ্রায়ে সঞ্চারীর একাদশ প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আয়োজিত ভিন্ন মাত্রার সন্ধ্যাটি একটি দৃষ্টান্ত হয়ে রইবে এবং পরবর্তী অনুষ্ঠানের অপেক্ষায় থাকবে দর্শক এমন কিছু বস্তুনিষ্ঠ মন্তব্যের রেশ নিয়েই ঘরে ফেরে দর্শক।