ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে কিউবায় দমন অভিযান
কিউবার একজন ভিন্নমতাবলম্বী অরলান্দো জাপাতা (৪২) অনশন পালনকালে মারা যাওয়ার পর বিক্ষোভ দমনে পুলিশ গত বুধবার দেশব্যাপী আরও অনেক ভিন্নমতাবলম্বীকে গ্রেপ্তার করেছে। এদিকে জাপাতার মৃত্যুতে আন্তর্জাতিক মহল নিন্দা জানিয়েছে।কারাগারের বেহাল অবস্থার প্রতিবাদে অনশন ধর্মঘটের ৮৫তম দিনে গত মঙ্গলবার জাপাতার মৃত্যু হয়।কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এক বিবৃতিতে জাপাতার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। তিনি এও দাবি করেন, কিউবায় ‘দমন-পীড়ন’ চালানো হয় না। তবে জাপাতার মা ভিন্নমত পোষণ করেছেন।কিউবায় পুরস্কার বিজয়ী সাংবাদিক ওয়ানি সানকেজ পরিচালিত ওয়েবব্লগ ওয়াই দি সাইটে প্রকাশিত এক ভিডিওচিত্রে জাপাতার মা রেনা লুইসা তামায়ো অভিযোগ করেন, ‘কারাগারে বন্দী থাকাকালে আমার ছেলের ওপর সারাক্ষণ নির্যাতন চালানো হতো।’ মানবাধিকার ও জাতীয় সমন্বয় কমিশনের মুখপাত্র এলিজারদো সানকেজের ভাষ্যমতে, বিক্ষোভের ভয়ে পুলিশ গত মঙ্গল ও বুধবার প্রায় ৩০ জন ভিন্নমতাবলম্বীকে গ্রেপ্তার করেছে।কিউবায় রাজনৈতিক বন্দীদের মা ও স্ত্রীদের সংগঠন ‘উইমেন ইন হোয়াইট’-এর প্রধান লোরা পোলানের বাসভবনে প্রায় ১০০ কর্মী জড়ো হন।জাপাতার মৃত্যুতে আন্তর্জাতিক মহল নিন্দা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, জাপাতার মৃত্যুতে ওয়াশিংটন গভীরভাবে মর্মাহত। এএফপি।