ভিয়েতনামে গোলার আঘাতে চার শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিয়েতনামে গোলার আঘাতে চার শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও চার শিশু। দেশটির ভিন লং প্রদেশে এ ঘটনা ঘটে। দেশটির পুলিশ কর্মকর্তা লাউং ভ্যান ত্রি গতকাল সোমবার জানান, বাগানে খেলার সময় চার থেকে ১১ বছর বয়সী কয়েক শিশু ওই গোলাটি খুঁজে পায়। ৮১ মিলিমিটারের এ গোলাটি যুক্তরাষ্ট্রের তৈরি। ভিয়েতনাম যুদ্ধের সময়কার এ গোলাটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। শিশুরা গোলাটি তুলে নিয়ে ছুড়ে মারার পরপরই সেটি বিস্ফোরিত হয়। এতে চার শিশু নিহত ও অপর চার শিশু আহত হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের চলা দীর্ঘদিনের যুদ্ধ ১৯৭৫ সালে শেষ হয়। ভিয়েতনাম কর্তৃপক্ষ গত মে মাসে জানায়, যুদ্ধ শেষ হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিতে যুদ্ধকালীন বোমা ও মাইনের আঘাতে অন্তত ৪২ হাজার লোক নিহত ও ৬২ হাজার আহত হয়েছে। এএফপি।