ভিয়েতনামে চীনের পাঁচ জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়েতনামে চীনবিরোধী ভয়াবহ দাঙ্গার কারণে নিরাপত্তাহীনতার আশঙ্কার কারণে ওই দেশ থেকে তিন হাজারের বেশি নাগরিককে সরিয়ে নিয়েছে বেইজিং৷ আরও লোকজনকে সরিয়ে নিতে পাঁচটি জাহাজ পাঠাচ্ছে চীন৷ ইতিমধ্যে ভিয়েতনামের বেসরকারি সংগঠনের কর্মীরা বিভিন্ন শহরে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন৷
চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, চীন যেসব নাগরিককে সরিয়ে নিয়েছে, তাঁদের মধ্যে ‘গুরুতর আহত’ ১৬ জনও রয়েছেন৷ ভিয়েতনামে চীনা দূতাবাসের সহায়তায় তাঁদের সরিয়ে নেওয়া হয়৷ বেইজিং চীনা নাগরিকদের ভিয়েতনাম ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে৷
গত শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, ‘বিদেশি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ করে দক্ষিণ ভিয়েতনামে সহিংসতার বিস্ফোরণ ঘটেছে৷ এতে চীনের নাগরিকেরা হতাহত হচ্ছেন এবং প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হচ্ছে৷ তাই মন্ত্রণালয় চীনের নাগরিকদের আপাতত ভিয়েতনাম ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছে৷’
ভিয়েতনামে চীনবিরোধী এ সহিংসতা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে৷ বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমায় একটি তেলখনিতে বেইজিংয়ের তৎপরতা শুরুর পর ভিয়েতনামে সম্প্রতি সহিংসতা ছড়িয়ে পড়ে৷
সাগরে চীনের ‘আগ্রাসী তৎপরতার’ প্রতিবাদে ভিয়েতনামের ২০টি বেসরকারি সংগঠনের (এনজিও) একটি জোট গতকাল রোববার রাজধানী হ্যানয়, দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যকেন্দ্র হো চি মিন সিটি ও আরও কয়েকটি নগরে বিক্ষোভ করেছে৷ এ বিক্ষোভের ডাক দেওয়ার পর চীন তাদের অনেক নাগরিককে বিশেষ ফ্লাইটে সরিয়ে নেয় বেইজিং৷ পাশাপাশি ভিয়েতনামের উদ্দেশে পাঁচটি জাহাজ পািঠয়েছে৷
শনিবার ভিয়েতনাম সরকার বিক্ষোভ ও সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছে৷ দাঙ্গাকারীদের সতর্ক করে সরকার বলেছে, যদি আবার সহিংসতা দেখা দেয়, তবে তা শক্ত হাতে দমন করা হবে৷ তবে এ সতর্কতা উপেক্ষা করেই গতকাল ওই বিক্ষোভের ডাক দেয় এনজিওগুলোর জোট৷
সাম্প্রতিক ক্ষোভের কেন্দ্রে থাকা তেলখনিটি দক্ষিণ-চীন সাগরের যে জলসীমায় অবস্থিত, তার মালিকানার দাবিদার ভিয়েতনামও৷ প্রতিবেশী কমিউনিস্ট দেশ দুটির মধ্যে ভূখণ্ডগত বিরোধ নিয়ে কয়েক দশক ধরেই উত্তেজনা চলছে৷ এএফপি ও বিবিসি৷