ভিয়েতনামে সবচেয়ে বিরল প্রাণী ‘সাওলা’ সংরক্ষণের উদ্যোগ
বিলুপ্তপ্রায় এক প্রজাতির চার পেয়ে তৃণভোজী প্রাণী সংরক্ষণের উদ্যোগ নিয়েছে ভিয়েতনাম। বন্য প্রাণী সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) সূত্রে এ কথা জানা গেছে। বিজ্ঞানীদের মতে, ‘সাওলা’ নামে পরিচিত প্রাণীটি এখন বিশ্বের সবচেয়ে বিরল প্রাণী।প্রাণীটি দেখতে অনেকটা অ্যান্টিলোপের (হরিণ-জাতীয় প্রাণী) মতো। হূষ্টপুষ্ট কালচে-খয়েরি শরীর। মাথায় বেশ লম্বা ছুঁচালো দুটি শিং। এটি ‘এশিয়ান ইউনিকর্ন’ নামেও পরিচিত।ডব্লিউডব্লিউএফের কর্মকর্তা ভু এনগক ত্রাম জানান, ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় প্রদেশ কুয়াংয়ে ১৬০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে সাওলার সংরক্ষণাগার গড়ে তোলা হয়েছে।বহু বছর আগেই ধারণা করা হয়েছিল, সাওলা বিলুপ্ত হয়েছে। প্রায় দুই দশক আগে প্রাণীটির অস্তিত্বের বিষয়টি নিশ্চিত করেন বিজ্ঞানীরা। এর পর থেকে মাঝেমধ্যে দেখা যাচ্ছিল এটি। বন্য প্রাণী বিশেষজ্ঞ ব্যক্তিদের মতে, বিরল প্রাণীটিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এমন সংরক্ষণাগার খুব জরুরি।ভু এনগক জানান, বিশ্বের কোথাও সাওলা এখন সংরক্ষিত নেই। বনের ভেতর কোনো সাওলাকে ঘুরে বেড়ানোর তথ্যও দিতে পারেননি কোনো বিজ্ঞানী। বন থেকে গ্রামবাসীর হাতে আটক সাওলা দেখে এর অস্তিত্বের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। স্বয়ংক্রিয় ক্যামেরায়ও কয়েকবার সাওলার ছবি তোলা হয়। ২০১০ সালের আগস্টে লাওসের সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীরা পূর্ণবয়স্ক একটি সাওলা ধরেছিল। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটি মারা যায়।কুয়াং বন বিভাগের পরিচালক ফাম থান লাম জানান, সংরক্ষিত ওই এলাকায় এখন ৫০ থেকে ৬০টি সাওলা রয়েছে। বিবিসি, এএফপি।