ভিয়েতনামের 'শক্তিশালী বর্ম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভো নগুয়েন গিয়াপ
ভো নগুয়েন গিয়াপ

তাঁর পদবি ভো। এর মানে শক্তি। আর নামের প্রথম অংশ গিয়াপ। শব্দটির অর্থ শক্তিশালী বর্ম। কাজের মধ্য দিয়ে নিজের নামের সার্থকতা প্রমাণ করে গেছেন তিনি। গিয়াপ ভো সত্যিই ছিলেন ভিয়েতনামের শক্তিশালী এক বর্ম।
ভিয়েতনামের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল ভো নগুয়েন গিয়াপ। গত শুক্রবার রাজধানী হ্যানয়ের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন নিবেদিতপ্রাণ এই কমিউনিস্ট নেতা। তাঁর বয়স হয়েছিল ১০২।
বিস্ময়কর খবর হলো, গিয়াপ ভো কখনো আনুষ্ঠানিক সামরিক প্রশিক্ষণ নেননি। এর পরও নিজের মেধার বলে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সময় তিনি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এমন বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন, যা ছিল তাঁর বাহিনীর তুলনায় অনেক বেশি শক্তিশালী ও আধুনিক সামরিক সরঞ্জামে সুসজ্জিত। এর পরও পরাজিত হয়েছে প্রতিপক্ষ।
গিয়াপের জন্ম ১৯১১ সালে, মধ্য ভিয়েতনামের কুয়াং বিনহ প্রদেশে। তাঁর বাবা ছিলেন কৃষক। রাজনীতিতে জড়িয়ে পড়েন কিশোর বয়সেই। স্থানীয় স্কুলে পড়াশোনা শেষ করে হ্যানয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সেখানে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
গিয়াপ ভো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় হ্যানয়ের একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইতিহাস পড়াতেন। ফরাসি সম্রাট ও রণনায়ক নেপোলিয়ন বোনাপার্টের যুদ্ধকৌশলের বিষয়ে তাঁর আগ্রহ ছিল ব্যাপক। তাঁর একজন ছাত্র জানিয়েছেন, নেপোলিয়নের রণপরিকল্পনা স্মৃতি থেকেই বলে যেতে পারতেন তাঁর এই শিক্ষক।
ভিয়েতনামে কিংবদন্তিতুল্য কমিউনিস্ট নেতা হো চি মিনের পরই গিয়াপের স্থান। ১৯৩৮ সালে হো চি মিনের ইন্দোচাইনিজ কমিউনিস্ট পার্টিতে যোগ দেন তিনি। ফরাসি ঔপনিবেশিক শাসনের নাগপাশ থেকে মাতৃভূমিকে মুক্ত করার যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন গিয়াপ। একপর্যায়ে ভিয়েতনাম ডক লাপ ডং মিন হোয়া (সাধারণভাবে ভিয়েত মিন নামে পরিচিত) নামে একটি জোট গঠনে হো চি মিনকে সহায়তা করেন তিনি।
গিয়াপ ১৯৪৪ সালে সশস্ত্র বাহিনী গঠন করেন। এরপর জাপানি দখলদারদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধে যোগ দেন। ১৯৪৫ সালের ১৯ আগস্ট ভিয়েত মিনের সশস্ত্র বাহিনী হ্যানয়ের নিয়ন্ত্রণ নেয়। তখনই হো চি মিন ডেমোক্রেটিক রিপাবলিক অব ভিয়েতনাম ঘোষণা করেন। গিয়াপকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
গিয়াপের যুদ্ধকৌশল পিপলস ওয়ার, পিপলস আর্মি নামের একটি বইয়ে প্রকাশিত (১৯৬২) হয়। এর ২০ বছর পর মার্কিন দখলদারদের হটাতেও ওই কৌশল কাজে লাগে। বিবিসি।