ভীতির পরিবর্তে আশার জয় হয়েছে: সাদিক খান

উগ্রবাদী, চরমপন্থী কিংবা সাদিক খানের হাতে লন্ডন নিরাপদ থাকবে না—এমন অনেক প্রচারণাই চালিয়েছিল ক্ষমতাসীনরা। পাল্টা আঘাত না করে নীরব থেকেছিলেন বিরোধী দল লেবার পার্টির প্রার্থী সাদিক খান। শুক্রবার মাঝরাতে যখন বিজয়ী ভাষণ দিলেন, তখনো এ নিয়ে তেমন কিছু বলেননি। তবে অল্প কথায় যা বলেছেন, তাতে সবটুকু যেন বলা হয়ে গেছে।
বিজয়ী ভাষণে সাদিক বলেন, ‘এই নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে ছিল না। কিন্তু লন্ডনের বাসিন্দারা আজ ভয়ের পরিবর্তে আশা কে বেছে নিয়েছেন। তারা বিভাজনের পরিবর্তে ঐক্যকে গুরুত্ব দিয়েছেন।’ তিনি বলেন, ‘ভয় আমাদের নিরাপদ করে না। এটা কেবলই আমাদের দুর্বল করে। ভয়ের রাজনীতিকে লন্ডন কখনো স্বাগত জানায় না।’ বক্তব্যে ধনী-গরিব, বিশ্বাসী-অবিশ্বাসী, শ্বেতাঙ্গ-অশ্বেতাঙ্গ সব মানুষের মেয়র হওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান।
ইসলামের নামে সন্ত্রাসবাদ নিয়ে যখন বিশ্বজুড়ে হইচই চলছে, ইউরোপের দেশগুলোতে মুসলিমদের নিয়ে বিতর্ক যখন তুঙ্গে—সেই পরিস্থিতির মধ্যেই লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন সাদিক। ইউরোপের মহানগরগুলোতে সাদিকই প্রথম মুসলিম মেয়র। গত বৃহস্পতিবার লন্ডন মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাদিক খান বলেন, একজন বাস চালকের সন্তান হিসেবে কখনো স্বপ্ন দেখেননি যে লন্ডনের মেয়র হবেন। তিনি বলেন, ‘বাবা বেঁচে থাকলে আজ সবচেয়ে বেশি আনন্দিত হতেন। কারণ, যে শহরকে তিনি একদিন নিজের আবাস হিসেবে বেছে নিয়েছিলেন, সেই শহরের বাসিন্দারা আজ তাঁর একজন সন্তানকে মেয়র নির্বাচিত করেছে।’ শনিবার সকালেই লন্ডন মেয়র হিসেবে শপথ নিয়েছেন সাদিক।
বাস চালকের সন্তান হয়ে সাদিকের লন্ডন মেয়র হওয়ার ঘটনাকে একটি বড় অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে। তবে থেমে নেই ‘মুসলিম মেয়র’ বিতর্ক।
সাদিক খান যখন বিজয়ী ভাষণ দিচ্ছিলেন, তখন মঞ্চে দাঁড়িয়ে থাকা বাকি প্রার্থীদের একজন সাদিককে অস্বীকৃতি জানানোর নমুনা হিসেবে উল্টো দিকে ফিরে থাকলেন। তিনি কট্টরপন্থী দল ‘ব্রিটেন ফার্স্ট’-এর প্রার্থী পল গোল্ডিং। দলটি এক ভিডিও বার্তায় বলেছে, ‘মুসলিম মেয়র নির্বাচিত হওয়ার তাদের ব্রিটিশ সংস্কৃতি রক্ষার আন্দোলন আরও কঠিন হয়ে পড়ল।’
প্রথম পছন্দের ভোটেই ৯ শতাংশে এগিয়ে ছিলেন সাদিক। কিন্তু কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় পছন্দের ভোটও গণনা করা হয়। চূড়ান্ত ফলাফলে সাদিকের ভোট সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৫ লাখ ৩৭ হাজার ৮০৬ (৫৬.৮ %)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জ্যাক গোল্ডস্মিথ পান ১১ লাখ ৫৯ হাজার ৯৬৯ ভোট (৪৩.২ %)।