ঝুঁকিপূর্ণ গর্ভপাতে বাধ্য করার ঘটনায় চীনে এক নারীকে ১১ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়েছে কর্তৃপক্ষ। ওই নারীর আইনজীবী গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, ক্ষতিপূরণ হিসেবে দেওয়া এই অর্থ তাঁর অপূরণীয় যন্ত্রণার অবসান ঘটাবে না।গত মাসে গর্ভপাতের ওই ঘটনার পর ভুক্তভোগী নারী ও তাঁর রক্তাক্ত সন্তানের কিছু ছবি অনলাইনে প্রকাশিত হলে বিশ্বজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। মানবাধিকারকর্মীরা অভিযোগ করেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে এক সন্তাননীতি কার্যকর করার জন্য চীনে প্রায়ই জোরপূর্বক গর্ভপাতের ঘটনা ঘটছে।ওই নারী ও তাঁর স্বামীকে আইনি লড়াইয়ে সহায়তাদানকারী ঝাং কাই বলেন, জোরপূর্বক গর্ভপাতের ঘটনায় ওই দম্পতি স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে ৭০ হাজার ইউয়ান (১১ হাজার ডলার) ক্ষতিপূরণ নিতে সম্মত হয়েছেন। কিন্তু পরিবারটি আজীবন যে ‘মানসিক যন্ত্রণা’ বয়ে বেড়াবে, এই ক্ষতিপূরণে তার কিছুই হবে না।ঝাং কাই বলেন, ‘গর্ভধারণের সাত মাস পর জোরপূর্বক গর্ভপাত ঘটিয়ে কার্যত তাঁদের সন্তানকে মেরে ফেলা হয়েছে। আর এই সামান্য অর্থে ওই ক্ষতি পূরণ হওয়ার নয়।’একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ক্ষতিপূরণ নিয়ে যে চুক্তি সই হয়েছে, তাতে এই দম্পতি ওই ঘটনা নিয়ে নতুন করে কোনো প্রশ্ন তুলতে পারবেন না। এএফপি।