ভুটানে পার্লামেন্ট নির্বাচনে বিরোধী দল পিডিপি জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানে গতকাল শনিবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে দেশটির প্রধান বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। দেশটির ইতিহাসে দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল দ্রুক ফুয়েনসাম শোকপা (ডিপিটি) পরাজিত করে দলটি জয়ী হয়।ভুটানের নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইটের তথ্যমতে, দেশটির পার্লামেন্টের ৪৭টি আসনের মধ্যে পিডিপি পেয়েছে ৩২টি আসন। আর ২০০৮ সালে নির্বাচনে জয়ী ডিপিটি পেয়েছে বাকি ১৫টি আসন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। গতকালের নির্বাচন ছিল দ্বিতীয় দফায়। এর আগে গত মে মাসে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পাঁচটি রাজনৈতিক দল অংশ নেয়। তবে এদের মধ্যে তিনটি বাদ পড়ে। আর দ্বিতীয় দফায় নির্বাচনে অংশ নেয় শুধু দুটি দল পিডিপি ও ডিপিটি। ভুটানের নির্বাচনে ভারতের সঙ্গে সম্পর্ক বিশেষ ভূমিকা পালন করে। আর সম্প্রতি ডিপিটি সরকারের পদক্ষেপে ভারতের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতির নিন্দা জানায় পিডিপি। বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।