ভুটানের রাজার মধুচন্দ্রিমা হবে রাজস্থানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক নববধূ জেটসান পেমাকে নিয়ে ভারতের রাজস্থানে মধুচন্দ্রিমায় যাবেন। আজ ১৩ অক্টোবর তাঁদের বিয়ে হবে। ভারতে এই রাজদম্পতিকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে।৩১ বছর বয়সী ভুটানি রাজা খেসার তাঁর চেয়ে ১০ বছরের ছোট পেমাকে নিয়ে ২৩ অক্টোবর নয়াদিল্লি পৌঁছাবেন। ভারতে তাঁরা ১ নভেম্বর পর্যন্ত অবস্থান করবেন। ভারত সরকারের ব্যবস্থাপনায় একটি বিশেষ ট্রেনে তাঁরা রাজস্থান সফরে যাবেন। ভারতের হিমাচল প্রদেশের সানাওয়ারে লরেন্স স্কুলে পড়াশোনা করেছেন পেমা। এ ছাড়া পশ্চিমবঙ্গের কালিমপংয়ে সেন্ট জোসেফস কনভেন্টেও পড়েছেন তিনি।২৪ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী, কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাজা খেসার। পরদিন বিশেষ ট্রেনে রাজস্থানের উদ্দেশে রওনা হবেন তাঁরা। ট্রেনটি রাজকীয় সাজে সাজানো হবে। থাকবে বিলাসবহুল আয়োজন।রাজদম্পতি রাজস্থান সফর করবেন বলে শোনা গেলেও কোন কোন স্থানে যাবেন, তা এখনো ভারত বা ভুটানের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি।রাজস্থান খেসারের অপরিচিত জায়গা নয়। এর আগে তিনি ২০১০ সালের অক্টোবরে ওই মরু রাজ্য সফর করেন। এ সময় সেখানকার বুনো প্রকৃতি তাঁকে মুগ্ধ করে। রাজস্থান সফরকালে রাজা দুন উপত্যকা পরিদর্শন করেন। এ সময় তিনি দুন স্কুলের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে ভাষণ দেন। এর কয়েক দিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন। খেসার নামগিয়েল ওয়াংচুক ভুটানের সাবেক রাজা জিগমে সিঙ্গে ওয়াংচুকের বড় ছেলে।