ভুতুড়ে বিদ্যুৎ বিলে ভোক্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুতুড়ে বিদ্যুৎ বিল দেখে শ্রীলঙ্কায় ৬১ বছর বয়স্ক এক ব্যক্তি হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।

শ্রীলঙ্কার সিলন টুডে পত্রিকার খবরে জানানো হয়, ঘটনার শিকার ব্যক্তির নাম এসপি সামারদাসা।

ওই ব্যক্তি গতকাল দেশটির কলম্বো শহরে অবস্থিত সিলন বিদ্যুৎ বোর্ডের সদর দপ্তরে ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদ জানাতে যান। এ সময় তিনি বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন, তাঁর বিদ্যুৎ বিল হঠাৎ করেই অনেক বেশি বেড়ে গেছে।

বিদ্যুৎ বোর্ডের কর্মকর্তারা সামারদাসাকে জানান, গত মাস থেকে বিদ্যুতের ওপর শুল্ক বেড়ে গেছে। তাই এখন থেকে বিদ্যুতের বিল আগের চেয়ে বেশি আসবে। এ কথা শুনে ওই ব্যক্তি বিদ্যুৎ কার্যালয়ের ভেতরে চেয়ারে বসে পড়েন এবং হূদরোগে আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সামারদাসা হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সম্প্রতি শ্রীলঙ্কায় বিদ্যুৎ খাতে লোকসান কমাতে ৫০ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে। নতুন এই শুল্ক আরোপের ফলে সামারদাসার বিদ্যুৎ বিল কত এসেছিল, গণমাধ্যমের খবরে তা জানানো হয়নি।