ভুভুজেলা রোগ ছড়াতে পারে!
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত গত বছরের বিশ্বকাপ ফুটবলের সময় ফুটবল-ভক্ত দর্শকদের কাছে খুবই পরিচিত একটি বাঁশি ছিল ভুভুজেলা। এত দিন শুধু শব্দদূষণের জন্য ভুভুজেলার সমালোচনা করা হতো। যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের মতে, এটি রোগব্যাধিও ছড়াতে পারে।গত সোমবার পাবলিক লাইব্রেরি অব সায়েন্স (পিএলওএস) ওয়ান-এ প্রকাশিত ওই বিশেষজ্ঞদের একটি নিবন্ধে বলা হয়েছে, এই ভুভুজেলা খুব জোরে বাজাতে হয়। এতে প্রতি সেকেন্ডে ৪০ লাখের মতো থুতু কণিকা বাতাসে ছড়ায়। দর্শকভর্তি মাঠে ভুভুজেলা বাজালে আশপাশের অনেক ব্যক্তি বায়ুবাহিত অসুস্থতা যেমন ফ্লু বা যক্ষ্মায় আক্রান্ত হতে পারে।এদিকে ২০১২ সালের লন্ডন অলিম্পিকে এই ভুভুজেলার অনুমোদন দেওয়া হবে কি না, তা বিবেচনা করছেন আয়োজকেরা। ‘ভুভুজেলার কারণে শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত তরল কণিকার বিস্তার’ বা ‘প্রপাগেশন অব রেস্পিরেটরি অ্যারোসল বাই দ্য ভুভুজেলা’ শিরোনামে নিবন্ধটি লেখেন যুক্তরাজ্যের তিন বিশেষজ্ঞ। তাঁরা হলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কা-ম্যান লাই, লন্ডন স্কুল অব হাইজিন ও ট্রপিক্যাল মেডিসিনের ক্রিশ্চিয়ান বটমলি এবং রুথ ম্যাকনার্নে।ভুভুজেলা বিশেষজ্ঞদের মতে, ভুভুজেলা অসামাজিক ও অনিরাপদ। একসঙ্গে অনেক ভুভুজেলা মিলে চলমান বিমানের ইঞ্জিনের চেয়ে বেশি শব্দ তৈরি করে।গবেষক দলের অন্যতম সদস্য রুথ ম্যাকনার্নে বলেন, রোগ সংক্রমণ প্রতিরোধে কাশি, হাঁচির মতো রোগে আক্রান্ত ব্যক্তিদের ভুভুজেলা বাজানোর ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। আক্রান্ত ব্যক্তিরা যাতে নিকটবর্তী লোকজনের পাশে ভুভুজেলা না বাজায়, এ জন্য তাদের বোঝাতে হবে। ভুভুজেলা বাজানোর সময় কী পরিমাণ থুতু কণিকা বের হয় বা বাতাসে ছড়ায়, তা বের করতে রুথ ম্যাকনার্নের দলের সদস্যরা আটজন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবক বেছে নেন। বিবিসি ও পিএলওএস ওয়ান ওয়েবসাইট।