ভুল করে থাকলে তার জন্য ক্ষমা চাইলেন মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছরের শাসনামলে ‘কোনো প্রকার ভুল’ করে থাকলে তার জন্য ক্ষমা চেয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ৷ গত বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে আবেগঘন কণ্ঠে ক্ষমা চান সাবেক এই স্বৈরশাসক৷
এআরআই নিউজ টেলিভিশনকে মোশাররফ বলেন, ‘আমি যা করেছি, তার সবই করেছি দেশের জন্য৷ এটা ভুল হতে পারে৷ তবে সেখানে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না৷ এর পরও যদি কেউ মনে করেন, আমি ভুল করেছি, আমি তার জন্য ক্ষমা চাইছি৷’ তিনি আরও বলেন, দেশ বর্তমানে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তার মধ্যে কঠিন হচ্ছে অর্থনীতি পুনরুদ্ধার এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদ সামাল দেওয়া৷
১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় ছিলেন জেনারেল মোশাররফ৷ এই প্রথম ক্ষমতায় থাকার সময় নিজের কর্মকাণ্ড ও সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইলেন সাবেক এই সেনাপ্রধান৷ নওয়াজ শরিফের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বের একপর্যায়ে ১৯৯৯ সালে তাঁকে ক্ষমতাচ্যুত করেন েমাশাররফ৷ ২০০৭ সালের ৩ নভেম্বর দেশে জরুরি অবস্থা জারির ঘটনায় বর্তমানে রাষ্ট্রদ্রোহ মামলার মুখোমুখি তিনি৷ তাঁর বিরুদ্ধে আরও মামলা রয়েছে৷
এআরআই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মোশাররফ বলেন, সব মামলা থেকে তিনি অব্যাহতি পেতে চান৷ এ লক্ষ্যে তিনি আদালতের মুখোমুখি হতে প্রস্তুত আছেন৷
বর্তমান পাকিস্তান মুসলিম লিগ (এন) সরকারের অর্থনৈতিক নীতির কড়া সমালোচনা করেন মোশাররফ৷ তিনি বলেন, ‘ভিক্ষুকেরা যেখানেই যায়, সব সময়ই লাথি খায়৷’ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের কাছে সরকারের ধরনা দেওয়ার সমালোচনা করেন তিনি৷ মোশাররফ দাবি করেন, তিনি ক্ষমতায় থাকার সময় ভিক্ষার থালা ভেঙে ফেলেছিলেন৷ বর্তমান সরকার আবার ভিক্ষা করা শুরু করেছে৷
প্রভাবশালী সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআইকে সমর্থন দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মোশাররফ বলেন, যেখানে প্রয়োজন, সেখানে শক্তি প্রয়োগ করতে হবে৷ তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনার প্রতিও সমর্থন জানান তিনি৷ ডন৷