ভুল খবর সংশোধন করান যিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিকদাদ ভার্সি
মিকদাদ ভার্সি

যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোর খবরে প্রায় প্রতিদিনই ইসলাম কিংবা মুসলিমদের নিয়ে কোনো না কোনো সংবাদ প্রকাশ হচ্ছে। এসব খবরের কত ভাগ সত্য আর কত ভাগ মিথ্যা, সে বিষয়ে সঠিক হিসাব পাওয়া সম্ভব না হলেও বলা যায়—এসব সংবাদের অধিকাংশই ইসলাম ও মুসলিমদের জন্য নেতিবাচক। সুযোগ পেলেই ‘ইসলাম’ কিংবা ‘মুসলিম’ শব্দগুলো টেনে আনার অভিযোগ আছে কোনো কোনো সংবাদমাধ্যমের বিরুদ্ধে।
যুক্তরাজ্যে ইসলাম কিংবা মুসলিমদের জড়িয়ে ভুল বা অসত্য সংবাদ প্রকাশের বিরুদ্ধে অভিনব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মিকদাদ ভার্সি নামের এক ব্যক্তি। তিনি প্রতিদিন সংবাদমাধ্যমে ইসলাম ও মুসলিম শব্দ দুটির ওপর বিশেষভাবে নজর রাখছেন। অনুসন্ধান করে সংশ্লিষ্ট খবরের সত্যতা না পেলে তিনি সেটি প্রত্যাহার বা সংশোধন করতে বাধ্য করছেন। তাঁর প্রচেষ্টায় গত কয়েক মাসে ২০টি সংবাদের সংশোধনী ছেপেছে বিভিন্ন গণমাধ্যম। তাঁর করা আরও ২০টি অভিযোগ বর্তমানে ‘ইন্ডিপেনডেন্ট প্রেস স্ট্যান্ডার্ড অরগানাইজেশন’-এ সুরাহার অপেক্ষায়। মুসলিমদের জড়িয়ে ভুল বা অসত্য সংবাদ দেখলেই অভিযোগ ঠুকে দিচ্ছেন মিকদাদ ভার্সি। মিকদাদ ভার্সি ‘মুসলিম কাউন্সিল অব ব্রিটেন’-এর সহকারী সাধারণ সম্পাদক।
ভুল ও অসত্যের বিরুদ্ধে মিকদাদের এ কার্যক্রম নিয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ প্রচার করে বিবিসি। দ্য গার্ডিয়ানসহ কয়েকটি সংবাদমাধ্যমও এ নিয়ে সংবাদ প্রকাশ করে। বিবিসির শিরোনাম ছিল ‘কোনো ভুল কোরো না’। আর দ্য গার্ডিয়ান শিরোনাম করে ‘সংবাদমাধ্যমগুলো মুসলিমদের নিয়ে অসত্য খবর ছেপেই যাচ্ছে’। এসব সংবাদে বলা হয়, গত সপ্তাহে কট্টর ডানপন্থী টেবলয়েড দ্য সান একটি স্প্যানিশ সুপার মার্কেটে হামলার খবর প্রকাশ করে। ওই খবরের শিরোনামে দাবি করা হয়, ‘বন্দুকধারী ব্যক্তি আল্লাহু আকবর বলে চিৎকার করেছিলেন’। মিকদাদ ভার্সি বিষয়টি অনুসন্ধানে স্থানীয় পুলিশ ও সুপার মার্কেটের লোকদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন ‘আল্লাহু আকবর’ বলে কারও চিৎকার করার দাবি সত্য নয়। শেষ পর্যন্ত দ্য সানকে ওই খবর থেকে আল্লাহু আকবর শব্দ তুলে নিয়ে দুঃখ প্রকাশ করতে হয়। আরেকটি ঘটনায় দ্য ডেইলি মেইলের ওয়েবসাইটে এক নারীর হত্যাকাণ্ডকে ‘ইসলামিক অনার কিলিং’ (সম্মান বাঁচাতে পরিবারের সদস্যকে হত্যা করা) বলে ইঙ্গিত করা হয়। মিকদাদের অভিযোগ—অনার কিলিংয়ের সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই। ইসলাম ধর্ম এমন হত্যা সমর্থন করে না। অনার কিলিংয়ের বিষয়টি কোনো গোষ্ঠী বা ব্যক্তির সংস্কৃতিচর্চার সঙ্গে সম্পৃক্ত। পরে দ্য ডেইলি মেইল সংবাদ থেকে ‘ইসলামিক’ শব্দ প্রত্যাহার করে সংশোধনী দেয়।