ভুল ঠিকানায় রাজীব গান্ধীর মৃত্যুসনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরাম জেলার শ্রীপেরুমবুদুর সাব-রেজিস্ট্রি কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুসনদ ইস্যু করা হয়। পরে কাঞ্চিপুরাম জেলা প্রশাসনের মাধ্যমে মৃত্যুসনদটি পাঠানো হয় হায়দরাবাদের এক বিধবা নারীর ঠিকানায়।পরে হায়দরাবাদের স্থানীয় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা রামলিঙ্গম মৃত্যুসনদ ওই নারীর কাছে হস্তান্তর করেন। ওই নারী নিজেকে সাবিন ফিরদৌস বলে পরিচয় দেন। এর পরই গলদ ধরা পড়ে। বিষয়টি জানার পর কাঞ্চিপুরাম জেলা প্রশাসন বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে। ওই সনদ দেওয়ার আগে কী ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, কমিটি তা খতিয়ে দেখবে।রাজীব গান্ধীর ওই মৃত্যুসনদ ইস্যু করেছিলেন বি নটরাজন নামের এক করণিক। ইতিমধ্যে জেলা প্রশাসন তাঁকে বদলির আদেশ দিয়েছে। জেলার রাজস্ব বিভাগের কর্মকর্তা তাঁর বদলির বিষয়টি নিশ্চিত করেন।ওই কর্মকর্তা বলেন, মৃত্যুসনদ হস্তান্তরের বিষয়টি গোপন কিছু নয়। তবে এ ঘটনা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ১৯৮৪ সালে ভারতের সাধারণ নির্বাচনে রাজীব গান্ধীর নেতৃত্বে বিপুল জয় পায় কংগ্রেস। এরপর তিনি দেশটির প্রধানমন্ত্রী হন। ১৯৮৯ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুর লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় আত্মঘাতী হামলায় নিহত হন তিনি। টিএনএন।