ভুল সংশোধনের অঙ্গীকার সোনিয়া গান্ধীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে উত্তর প্রদেশসহ তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচনে যে কারণে ক্ষমতাসীন দল কংগ্রেসের বিপর্যয় ঘটেছে, এর পিছনে যেসব ভুলত্রুটি রয়েছে তা সংশোধনের অঙ্গীকার করেছেন সভানেত্রী সোনিয়া গান্ধী। গতকাল বুধবার রাজধানী নয়াদিল্লিতে ব্যতিক্রমী এক সংবাদ সম্মেলনে তিনি এ অঙ্গীকার করেন। এ সময় সোনিয়া প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করেন। দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক শেষে সোনিয়া গান্ধী বলেন, ‘আমরা নির্বাচনী ফলাফল মেনে নিয়েছি। এবার একসঙ্গে বসে প্রতিটি রাজ্যের নির্বাচনী ফলাফল পর্যালোচনা করা হবে। আমাদের যেসব ভুল হয়েছে, সেগুলো সংশোধনের পরিকল্পনা নেওয়া হবে। প্রার্থী বাছাইয়ে ভুল আমাদের পরাজয়ের একটি কারণ। পাঞ্জাব রাজ্যে সাফল্যের ব্যাপারে আমারা অনেক আশাবাদী ছিলাম। তবে পিপলস পার্টি অব পাঞ্জাব (পিপিপি) সেখানে কংগ্রেসের সম্ভাবনা নষ্ট করে দিয়েছে। হার বা জয়—ফলাফল যা-ই হোক, প্রতিটি নির্বাচনই আমাদের জন্য শিক্ষণীয়।’২০১৪ সালের পরবর্তী জাতীয় নির্বাচনে মনমোহন সিংয়ের জায়গায় অন্য কাউকে প্রার্থী করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে কংগ্রেস সভানেত্রী বলেন, ‘প্রশ্নই ওঠে না। বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের ফলে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না।’ তিনি বলেন, উত্তর প্রদেশের মানুষ মায়াবতী সরকারের ওপর বিরক্ত হয়ে পড়েছিল। গোয়ায় অনেক ভোটার কংগ্রেস সরকারের প্রতি অসন্তুষ্ট ছিল। এ ছাড়া ব্যাপক মুদ্রাস্ফীতিও কংগ্রেসের পরাজয়ের প্রধান একটি কারণ। প্রধানমন্ত্রী পদে মনমোহনের উত্তরসূরি হিসেবে রাহুল গান্ধীকে নির্বাচনের সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন করা হলে সোনিয়া বলেন, প্রধানমন্ত্রী পদে দলের আগামী প্রার্থী নির্বাচনের জন্য এখনো অনেক সময় আছে। এখন তো কেবল ২০১২ সাল। গুরুত্বপূর্ণ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেস মাত্র দুটিতে জয় পেয়েছে। রাজনৈতিক কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশের মোট ৪০৩ আসনের মধ্যে মাত্র ২৮টিতে জয়ী হয়েছে তারা। এতে কঠিন পরীক্ষার মুখে গান্ধী পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ। উত্তর ভারতের বিশাল এলাকাজুড়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন সোনিয়ার ছেলে দলের অন্যতম সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। কিন্তু গত মঙ্গলবার প্রকাশিত নির্বাচনী ফলাফলে রাহুলের সাফল্যের প্রমাণ মেলেনি। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের স্থানীয় রাজনৈতিক দল সমাজবাদী পার্টি জয়লাভ করেছে। স্থানীয় দলিত কৃষক ও মুসলিম সমপ্রদায়ের সমর্থন অর্জনে সক্ষম হয় দলটি। এদিকে উত্তর প্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিধানসভা নির্বাচনে জয়ী দল সমাজবাদী পার্টি রাজ্যকে পেছনের দিকে নিয়ে যাবে। তাঁর সরকারের আমলে গৃহীত বিভিন্ন কল্যাণ প্রকল্প হিমাগারে পাঠাবে নতুন সরকার। এএফপি, রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া, জিনিউজ।