ভুলটা কার প্রধানমন্ত্রী না তাঁর স্ত্রীর!
কয়েক মাস আগের ঘটনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সপরিবারে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বাকিংহ্যামশায়ারের চেকার্সে অবস্থান করছেন। চেকার্সের ‘চিলটার্ন হিলস’ ব্রিটিশ প্রধানমন্ত্রীদের ‘পল্লিবাস’ কেন্দ্র। সেখানে অবস্থানকালে সাধারণ মানুষের মতোই এক রোববার দুপুরে স্ত্রী, ছেলেমেয়েকে নিয়ে কাছের একটি পানশালায় যান ডেভিড ক্যামেরন। সঙ্গে ছিল ক্যামেরনের ঘনিষ্ঠ আরও দুই পরিবার।খাওয়া শেষে স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি ফেরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বাড়ি ফিরে পরিবারের সদস্যসংখ্যা কম মনে হলো ক্যামেরনের! স্ত্রী সামান্থা আছেন, ২২ মাস বয়সী কন্যা ফ্লোরেন্সকে স্ত্রীর কোলেই দেখতে পেলেন। ছয় বছর বয়সী পুত্র আর্থার ও ঘরে খেলা করছে। তাহলে নেই কে!হঠাৎই তাঁর খেয়াল হলো আট বছর বয়সী মেয়ে ন্যান্সি বাসায় নেই। তাহলে, ন্যান্সি কি পানশালায় রয়ে গেছে! সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ফোন করলেন পানশালায়। কর্তৃপক্ষ তাঁকে আশ্বস্ত করল ন্যান্সি নিরাপদে ও সুস্থ আছে। দেরি না করে তখনই প্রধানমন্ত্রী ছুটে গেলেন পানশালায়। তবে এত বড় ভুলের দায়টা আসলে কার, তা জানা যায়নি। পানশালা থেকে বের হওয়ার সময় প্রধানমন্ত্রী ক্যামেরন ভেবেছিলেন, তাঁর স্ত্রী সামান্থার সঙ্গে পেছনের গাড়িতে ন্যান্সিসহ সবাই আছেন। প্রধানমন্ত্রী সামনের গাড়িতে ছিলেন। বিবিসি, এএফপি।