ভুলবশত ই-মেইল পাঠিয়ে বিপাকে ‘দ্য নিউইয়র্ক টাইমস’
৮৬ লাখ পাঠকের কাছে বিভ্রান্তিকর ই-মেইল পাঠিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস। গত বুধবার গ্রাহকত্ব বাতিল করা অল্প কিছু গ্রাহককে মেইল পাঠাতে গিয়ে ওই বিভ্রান্তি ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।ই-মেইলে বলা হয়েছে, গ্রাহক হিসেবে নিবন্ধন অব্যাহত রাখলে ১৬ সপ্তাহের জন্য ৫০ শতাংশ মূল্য ছাড় দেওয়া হবে। মেইলটি পাঠানোর পর রীতিমতো হুলুস্থুল শুরু হয়। গ্রাহকেরা পত্রিকাটির কার্যালয়ে ফোন করতে থাকেন। তাঁরা ৫০ শতাংশ মূল্য হ্রাসের অনুরোধ করেন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ক্ষুদ্র গ্রাহকদের সামাল দিতে হয় টাইমস কর্তৃপক্ষকে। ৫০ শতাংশ মূল্য ছাড় দেওয়ার বিষয়টিও রফা করতে হয় কয়েক হাজার গ্রাহকের সঙ্গে।পরিস্থিতি সামাল দিতে গিয়ে আরেক দফা ভুল করে নিউইয়র্ক টাইমস-এর কর্তৃপক্ষ। প্রথম প্রতিক্রিয়ায় বলা হয়, নিউইয়র্ক টাইমস-এর নামে গ্রাহকদের কাছে পাঠানো ই-মেইলটি একটি ‘স্প্যাম’। সেটি তাদের পক্ষ থেকে পাঠানো হয়নি। পরে দ্রুত পত্রিকাটির পক্ষ থেকে গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করা হয়।পত্রিকাটির মুখপাত্র ইলিন মারফি এক বিবৃতিতে জানান, ই-মেইলটি তাঁদের পক্ষ থেকেই পাঠানো হয়েছিল। কর্মচারীর ভুলের কারণে এমনটি ঘটেছে। স্বল্পসংখ্যক গ্রাহক, যাঁরা গ্রাহকত্ব প্রত্যাহারের অনুরোধ করেছেন, তাঁদের জন্য ই-মেইলটি তৈরি করা হয়েছিল। দুঃখ প্রকাশ করে নিউইয়র্ক টাইমস তার গ্রাহকদের আবার ই-মেইল পাঠিয়েছে এবং ভুল বার্তায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে।