ভুলিয়ে ভালিয়ে ঠেকানো হলো রক্তপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বছর বয়সী মাইকেল হিল আত্মহত্যা করবেন বলে ঠিক করে ফেলেছেন। নিজে তো মরবেনই, সঙ্গে অন্যদেরও মারবেন। লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্রের আটলান্টার একটি স্কুলে অস্ত্র নিয়ে প্রবেশ করেন তিনি। ওই স্কুলের এক নারী কর্মীর কাছে নিজের উদ্দেশ্যের কথা বলেন হিল। ওই নারী নানা মিষ্টি কথায় ভুলিয়ে-ভালিয়ে যুবককে অস্ত্র ত্যাগ করাতে সক্ষম হন। পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে। এভাবে ঠেকানো গেছে রক্তপাত ঘটার মতো ভয়াবহ ঘটনা।

গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আটলান্টার রোনাল্ড ই ম্যাকনাইয়ার ডিসকভারি লার্নিং অ্যাকাডেমি স্কুলে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। ওই স্কুলের কেরানি অ্যান্তোনেতি টাফ অস্ত্রধারী যুবককে নিবৃত করেছেন।

টাফ দাবি করেন, হিল ছিল আত্মঘাতী মানসিকতার। ব্যাপক রক্তপাতের মাধ্যমে তিনি নিজে ও অন্যদের মেরে ফেলার প্রস্তুতি নিয়েছিলেন। ঘটনার দিন স্কুলের অফিসকক্ষের সামনে বসে ছিলেন টাফ। এ সময় একে-৪৭ রাইফেল নিয়ে সেখানে হাজির হন হিল। ওই যুবক তাঁকে তাঁর উদ্দেশ্যের কথা জানান।

এ সময় ওই যুবককে টাফ বলেন, ‘সব ঠিক হয়ে যাবে প্রিয়তমা। আমি তোমাকে জানতে চাই। তোমাকে ভালোবাসি। তোমাকে নিয়ে গর্ব করি।’

এসব কথা বলে ওই যুবককে তাঁর অস্ত্র ত্যাগ করতে বলেন টাফ। তাঁর কাছে থাকা গুলি নিয়ে নেন। এরপর পুলিশ আসার জন্য অপেক্ষা করতে থাকেন। পরে পুলিশ এসে হিলকে গ্রেপ্তার করে। স্কুলটিতে ৮০০ জন শিক্ষার্থী ছিল। টাফের বুদ্ধিমত্তায় রক্তপাত এড়ানো যায়।

পুলিশ জানিয়েছে, হিলের কাছে ৫০০টি গুলি ছিল।