ভুলে প্রেসিডেন্টকে গুলি করেছেন সেনারা
টহল সেনাদের গুলিতে গত শনিবার মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ উলেদ আবদেল আজিজ (৫৫) আহত হয়েছেন। বলা হয়েছে, ‘ভুলে’ সেনাসদস্যরা তাঁর গাড়িবহর লক্ষ্য করে ওই গুলি ছুড়েছিলেন।প্রেসিডেন্ট কার্যালয়ের একটি সূত্র জানায়, গুলি প্রেসিডেন্টের হাতে লেগেছে। উন্নত চিকিৎসার জন্য গতকাল রোববার তাঁকে ফ্রান্সে নেওয়া হয়েছে।মৌরিতানিয়ার যোগাযোগমন্ত্রী হামদি উলেদ মাহজুব রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, রাজধানী নোয়াকচটে ফেরার পথে প্রেসিডেন্টের গাড়িবহরে একটি টহল সেনাদল ভুল করে গুলি চালায়। এ সময় প্রেসিডেন্টের হাতে গুলি লাগে। তাৎক্ষণিকভাবে তাঁকে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রেসিডেন্ট এখন আশঙ্কামুক্ত।প্রেসিডেন্ট আবদেল আজিজ ২০০৮ সালে সেনা-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। পরের বছর প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হন।মৌরিতানিয়ার বিরোধীদলীয় আইনপ্রণেতাদের অভিযোগ, প্রেসিডেন্ট আবদেল আজিজ দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছেন। এ ছাড়া ২০০৯ সালে নির্বাচিত হওয়ার আগে ডাকার চুক্তিতে সই করলেও তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। আইনপ্রণেতারা আরও অভিযোগ করেন, আজিজের শাসনামলেদেশে বেকারত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার পরিস্থিতিরও চরম অবনতি হয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে তাঁরা আবদেল আজিজকে সরিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের দাবি জানান। এএফপি ও রয়টার্স।