ভুলের দায় মাথায় নিয়ে মহাপরিচালকের পদত্যাগ
দায়িত্ব নেওয়ার ৫৪ দিনের মাথায় ভুল তথ্য পরিবেশনার দায় নিয়ে গতকাল রোববার পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচালক ও প্রধান সম্পাদক জর্জ এনটুইসেল। বিবিসির একটি অনুষ্ঠানে যুক্তরাজ্যের সাবেক এক রাজনীতিককে শিশু যৌন পীড়নের ঘটনায় ভুলভাবে জড়ানোর বিতর্কের জের ধরে তিনি পদত্যাগ করলেন।এনটুইসেল এমন সময়ে পদত্যাগ করলেন, যখন বিবিসির সাবেক তারকা উপস্থাপক জিমি সেভিলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে তৈরি করা একটি প্রতিবেদন প্রচার না করা নিয়ে বিপত্তির মধ্যে আছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া লাইসেন্স ফি সংকট তো আছেই।গত ২ নভেম্বর বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে ওয়েলসের একটি শিশুসদনে যৌন পীড়নের ঘটনায় রক্ষণশীল টরি দলের (কনজারভেটিভ পার্টি) সাবেক নেতা লর্ড ম্যাকআলপাইনকে ভুল করে জড়ানো হয়। এর পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়েন এনটুইসেল। ওই ঘটনার জন্য তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনাও করেন। কিন্তু নিজের প্রতিষ্ঠানের কর্মীদের রোষের মুখেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।নিউজনাইট ওই অনুষ্ঠানে স্টিভ মেসহাম নামের এক ব্যক্তির সাক্ষাৎকার সম্প্রচার করা হয়। এতে মেসহাম টরি দলের জ্যেষ্ঠ রাজনীতিক ম্যাকআলপাইনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সত্তর ও আশির দশকে উত্তর ওয়েলসের একটি শিশুসদনে থাকার সময় তিনি তাঁর (আলপাইন) যৌন পীড়নের শিকার হন। অনুষ্ঠানটি সম্প্রচারের পরপরই ম্যাকআলপাইন তাঁর বিরুদ্ধে অভিযোগকে পুরোপুরি বানোয়াট ও মানহানিকর বলে কড়া প্রতিবাদ জানান। এরপর মেসহাম ক্ষমা চেয়ে বলেন, তিনি ভুল করে ওই রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। পদত্যাগের পর বিবিসির নিউ ব্রডকাস্টিং হাউসের বাইরে দাঁড়িয়ে এক বিবৃতিতে এনটুইসেল বলেন, নিউজনাইট অনুষ্ঠানে সাংবাদিকতার যে মান দেখানো হয়েছে, তাতে বিবিসির প্রতি গড়ে ওঠা দশর্ক-শ্রোতাদের আস্থা টলে গেছে। কিন্তু তিনি বিশ্বাস করেন, এ প্রতিষ্ঠানটি এখনো উঁচুমানের সৎ গুণাবলিসম্পন্ন মানুষে ভরা। পদাধিকার বলে তিনিই সব তথ্যের জন্য দায়ী। অগ্রহণযোগ্য সাংবাদিকতার কারণেই তিনি পদত্যাগ করলেন।এনটুইসেল বলেন, ‘মহাপরিচালকের ভূমিকা হচ্ছে প্রধান সম্পাদকেরও এবং সার্বিকভাবে তিনিই সব তথ্যের জন্য দায়ী। ২ নভেম্বর নিউজনাইট অনুষ্ঠানে ভুল তথ্য পরিবেশন ও অগ্রহণযোগ্য সাংবাদিকতার পরিপ্রেক্ষিতে মহাপরিচালকের পদ ছেড়ে দেওয়াটাই আমার কাছে সম্মানজনক মনে হয়েছে।’ তিনি বলেন, প্রযোজক হিসেবে ২৩ বছর দায়িত্ব পালনের পর বিবিসির প্রধান হিসেবে যখন তাঁকে দায়িত্ব দেওয়া হয়, তখন তাঁর মনে হয়েছে, বিবিসির ট্রাস্টিরা এই পদের জন্য সেরা ও যোগ্য প্রার্থীকেই মনোনীত করেছেন। তবে সাম্প্রতিক ঘটনায় বিবিসির এখন একজন নতুন নেতা মনোনীত করা উচিত। এনটুইসেলের বিবৃতি পাঠের সময় তাঁর পাশে বিবিসি ট্রাস্টের চেয়ারম্যান লর্ড প্যাটেনও উপস্থিত ছিলেন। প্যাটেন বলেন, এনটুইসেল যে সিদ্ধান্ত নিয়েছেন, এই মুহূর্তে সেটাই তাঁর জন্য সম্মানজনক। তবে পুরো ঘটনাই হলো বাজে সাংবাদিকতার ফল। বিবিসির মহাপরিচালকের পদত্যাগের ঘটনায় যুক্তরাজ্যের সংস্কৃতিমন্ত্রী মারিয়া মিলার বলেন, ‘এটা দুঃখজনক কিন্তু সঠিক সিদ্ধান্ত। এটা খুবই তাৎপর্যপূর্ণ যে এর মধ্য দিয়ে এ রকম একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসযোগ্যতা ফিরে এসেছে।’ গত সেপ্টেম্বরে মার্ক টমসন বিবিসি ছেড়ে নিউইয়র্ক টাইমসের দায়িত্ব নেওয়ার পর ১৭ সেপ্টেম্বর তাঁর স্থলাভিষিক্ত হন এনটুইসেল। দায়িত্ব নেওয়ার পরপরই লাইসেন্স ফি নিয়ে বিবিসির ইতিহাসে সবচেয়ে বড় সংকটের সামাল দিতে হয় তাঁকে। এই পদত্যাগের মধ্য দিয়ে তিনিই হলেন বিবিসির ইতিহাসে সবচেয়ে কম সময় দায়িত্ব পালনকারী মহাপরিচালক। পদত্যাগের পর নিজের বাড়িতে এনটুইসেল বলেন, এখন তিনি পরিবারকে সময় দেবেন। এনটুইসেল পদত্যাগের পর বিবিসি ওয়ার্ল্ডওয়াইডের প্রধান নির্বাহী হিসেবে ডিসেম্বরে দায়িত্ব নিতে যাওয়া টিম ডেইভি এখন ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে কাজ করবেন। বিবিসি, রয়টার্স ও এএফপি।