ভুয়া খবর রুখতে চান ওয়েবের প্রতিষ্ঠাতা
তথ্য-উপাত্তের অপব্যবহার এবং ভুয়া খবর মোকাবিলায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠাতা স্যার টিম বার্নার্স-লি একটি পরিকল্পনা প্রকাশ করেছেন। ওয়েবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এক খোলা চিঠিতে পাঁচ বছর মেয়াদি একটি কৌশল তুলে ধরেছেন তিনি।
ব্রিটিশ কম্পিউটারবিজ্ঞানী বার্নার্স লি বলেন, তিনি ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধের লড়াই করতে চান। এ ধরনের অপব্যবহার মতপ্রকাশের স্বাধীনতায় নেতিবাচক প্রভাব ফেলছে।
বিশেষ করে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ভুয়া খবরের বিষয়টি সাম্প্রতিক সময়ের এক আলোচিত বিষয়। রাজনৈতিক মতানৈক্যের ক্ষেত্রে ‘অনৈতিক চর্চা’ নিয়ন্ত্রণের জন্যও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বার্নার্স-লি। ব্লগ, টুইট, ছবি, ভিডিও প্রকাশ এবং ওয়েবপেইজ তৈরির মাধ্যমে যাঁরা ইন্টারনেটকে সমৃদ্ধ করতে সাহায্য করেছেন, বিভিন্ন সমস্যা মোকাবিলায় তাঁদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তিনি। এ ছাড়া জনগণের হাতে তথ্য-উপাত্তের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
বার্নার্স-লি উদ্বেগ জানিয়ে বলেন, সরকারি নজরদারি কখনো কখনো মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। যৌনতা বা ধর্মীয় কারণ দেখিয়ে ইন্টারনেটের ব্যবহার বন্ধ করে দেওয়াটাও চিন্তার কারণ। ভুয়া খবরের বিস্তার রুখতে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম এবং সার্চ ইঞ্জিনগুলোকে বেশি উৎসাহ দেওয়ার ওপর জোর দেন এই তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি বলেন, কর্তৃপক্ষ কখনো কখনো নিজেই সত্য-মিথ্যা নির্ধারণ করে দিচ্ছে অথবা খবর চেপে যাচ্ছে। এ প্রবণতা রুখতে হবে।
ওয়েবের প্রতিষ্ঠাতা আরও বলেন, সংবেদনশীল অনেক তথ্য সত্যের প্রতিফলন ঘটানোর পরিবর্তে মানুষকে বরং বিস্মিত বা বেদনাহত করে। সেগুলো দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। অনলাইন রাজনৈতিক প্রচারে মাঝেমধ্যে উদ্দেশ্যমূলকভাবে ‘অনৈতিক উপায়’ বেছে নেওয়া হচ্ছে। এতে ভোটাররা নির্বাচন থেকে বিরত থাকছেন অথবা ভুয়া খবরের ওয়েবসাইটগুলোতে ঢুঁ মারছেন।