ভূখণ্ড নিয়ে বিরোধ মেটাতে চায় রাশিয়া ও জাপান
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দেশ দুটির মধ্যে বিতর্কিত ভূখণ্ড নিয়ে দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে ফেলতে পরস্পরের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার পুতিন ও রাশিয়ার সফররত শিনজো আবে ক্রেমলিনে আলোচনার সময় তাঁরা পরস্পরের প্রতি এ আহ্বান জানান।এক দশকের মধ্যে এই প্রথম জাপানের কোনো প্রধানমন্ত্রী রাশিয়া সফরে গেলেন। পঞ্চাশের দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী শান্তিচুক্তির পর বিতর্কিত কুড়িল দ্বীপপুঞ্জকে নিয়ে দুই দেশের মধ্যে আজও নিষ্পত্তি হয়নি। আর এতে করে দুই দেশের সম্পর্কও বেশিদূর গড়ায়নি।শিনজো আবে গত ডিসেম্বরে জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্ব দেন। গতকাল ক্রেমলিনে দুই নেতার বৈঠকে পুতিন খোলাখুলিভাবে বলেন, ‘আমরা আজ প্রধান সমস্যা নিয়ে আলোচনা করব। সেটি হলো রাশিয়া ও জাপানের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তি।’শিনজো আবে সুনির্দিষ্টভাবে বিতর্কিত দ্বীপপুঞ্জের বিষয়টি উল্লেখ না করে বলেন, পুতিনের সময় জাপানের সঙ্গে রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। এ জন্য পুতিনের প্রশংসা করেন তিনি। তবে বলেন, এ সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও জোরদার হওয়া উচিত ছিল। আবে এটা স্পষ্ট করেন, দুই দেশের বিরোধগুলো সমাধানের ভিত্তিতে তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক জোরদার করতে চান। এএফপি।