ভূমধ্যসাগর থেকে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
মধ্য ভূমধ্যসাগর থেকে গতকাল মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় উপকূল লক্ষ্য করে দুটি দূর পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। রাশিয়ার আগাম সতর্ক ব্যবস্থায় বিষয়টি ধরা পড়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গতকাল মস্কোর স্থানীয় সময় ১০টা ১৬ মিনিটে ওই দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেণ করা হয়। দক্ষিণ রাশিয়ার আরমাভির এলাকায় স্থাপন করা আগাম সতর্ক ব্যবস্থায় ওই দুটি ক্ষেপণাস্ত্র ধরা পড়ে। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগো বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন। ক্ষেপণাস্ত্র দুটি কারা উৎক্ষেপণ করেছিল, এর লক্ষ্যবস্তুই বা কী ছিল, এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
সিরিয়ায় পশ্চিমা শক্তিগুলো হামলা চালাতে পারে, এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তে ওই ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণের খবর জানাল রাশিয়া।
ইসরায়েল স্বীকার করেছে, ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে তারা সাফল্যের সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তারা কেবল একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এএফপি।