ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে অন্তত ২৪ অভিবাসীর লাশ এবং প্রায় পাঁচ হাজার ইউরোপ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা। গত মঙ্গলবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির শহরতলি এলাকার উপকূল থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
তাজৌরা এলাকার বাসিন্দারা জানান, সোমবার থেকে লাশগুলো উপকূলে ভেসে আসতে শুরু করে। কয়েকটি লাশের কিছু অংশ কুকুরে খেয়েছে বলে জানান স্থানীয় কোস্টগার্ডের এক কর্মকর্তা।
জার্মানির একটি স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে, সোমবার রাতে ইতালীয় নৌবাহিনীর নেতৃত্বে উদ্ধার অভিযান চলার সময় ভূমধ্যসাগরে তিন অভিবাসনপ্রত্যাশী ব্যক্তি মারা যান। আরও কয়েক হাজার জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
এ বছরের জানুয়ারি থেকে জুনের তৃতীয় সপ্তাহ পর্যন্ত প্রায় ৭২ হাজার অভিবাসী লিবিয়া থেকে ইতালি গেছেন ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে। এই সংখ্যাটি ২০১৬ সালের তুলনায় প্রায় ২০ ভাগ বেশি। ঝুঁকিপূর্ণ যাত্রায় ২ হাজারের বেশি লোক মারা গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক শরণার্থীবিষয়ক সংস্থা (আইওএম)।
লিবিয়ায় অস্থিরতার সুযোগে কিছু সংঘবদ্ধ গোষ্ঠী, বিশেষ করে বাংলাদেশি এবং আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের মানুষদের প্ররোচিত করছে। তাদের অনিরাপদ, ছোট নৌকায় তুলে দিচ্ছে ভূমধ্যসাগর পাড়ি দিতে।
স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের নৌবাহিনীর জাহাজ ভিক্টোরিয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনের অংশ হিসেবে ভূমধ্যসাগরে রয়েছে।