ভূমধ্যসাগরে ইইউর টহলের পরিকল্পনা
নৌকায় করে আসা আশ্রয়প্রার্থীদের খোঁজ ও উদ্ধার করতে ভূমধ্যসাগরে টহল দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এমন একটি পরিকল্পনা হাতে নিচ্ছে ইউরোপীয় কমিশন।
গত বৃহস্পতিবার দক্ষিণ ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছে আশ্রয়প্রার্থীবাহীদের নৌকাডুবিতে প্রাণহানির ঘটনার প্রেক্ষাপটে ইইউর স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার সিসিলিয়া মালমস্ট্রোয়েম এই পরিকল্পনা তৈরি করেন।
গতকাল মঙ্গলবারই লুক্সেমবুর্গে ইইউর মন্ত্রীদের বৈঠকে এই পরিকল্পনা তুলে ধরার কথা ছিল। স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার মালমস্ট্রোয়েমের মুখপাত্র মিশেল চেরকোন জানান, পরিকল্পনার মধ্যে রয়েছে ইইউর ফ্রন্টেক্স সীমান্ত সংস্থার সদস্যরা সাইপ্রাস থেকে স্পেন পর্যন্ত টহল দেবেন। এতে সহজেই আশ্রয়প্রার্থীদের নৌকা চিহ্নিত করে আরোহীদের উদ্ধার করা যাবে। আশা করা হচ্ছে, এতে লাম্পেদুসা দ্বীপের ঘটনার মতো মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যাবে।
মুখপাত্র চেরকোন আরও জানান, ইইউর স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার পরিকল্পনা পাস করতে রাজনৈতিক সমর্থন চাইবেন। এ ছাড়া পরিকল্পনা বাস্তবায়নেও সহায়তা চাইবেন তিনি।
এদিকে ইতালির দক্ষিণ উপকূলে ডুবে যাওয়া নৌকাটি থেকে আরও ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিবিসি ও এপি।