ভূমধ্যসাগরে ইরানের যুদ্ধজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র তার রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওই অঞ্চলে পাঠানোর কয়েক দিনের মধ্যে গতকাল শনিবার ভূমধ্যসাগরে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইরান।এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে ইরান ছোট ছোট টহল নৌকার সংখ্যা বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তারা। ওই নৌকাগুলো থেকে আত্মঘাতী হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় দেশটির নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি জানান, তাঁদের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ সুয়েজ খাল পেরিয়ে গতকাল ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। তিনি বলেন, ‘১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর দ্বিতীয় বারের মতো ইরানের যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। উপসাগরীয় দেশগুলোকে আমরা আমাদের শক্তি দেখাতে চাই। এটি দেশগুলোর প্রতি তেহরানের “শান্তি ও বন্ধুত্বের বার্তাও”।’ তবে ইরান ঠিক কতগুলো জাহাজ ভূমধ্যসাগরে পাঠিয়েছে, তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি তিনি।সায়ারি জানান, ইরানের এ জাহাজগুলো সৌদি আরবের জেদ্দা বন্দরে ছিল। সেখান থেকে ভূমধ্যসাগরে পাঠানো হয়।এর আগে ১৪ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি দিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করে। গত দুই মাসের মধ্যে এটি ছিল ওই অঞ্চলে মার্কিন দ্বিতীয় রণতরীর প্রবেশ।ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে নিয়ে ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নাইন’ নামের মার্কিন নৌবহর উপসাগরীয় অঞ্চলে নেওয়ার পথে হরমুজ প্রণালি পার হওয়ার সময় ইরানের হামলার আশঙ্কা ছিল। প্রায় ১০ ঘণ্টার ওই যাত্রায় অবশ্য তেমন কোনো ঘটনা ঘটেনি। চারটি হেলিকপ্টার ও দুটি ডেস্ট্রয়ারের প্রহরায় এ নৌবহর হরমুজ প্রণালি অতিক্রম করে। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নাইনের কর্মকর্তারা উপসাগরীয় অঞ্চলে দুটি ছোট আকারের নৌকা শনাক্ত করেন। এগুলো চোরাকারবারিদের নৌকাও হতে পারে বলে মার্কিন কর্মকর্তাদের ধারণা। তবে এ নৌকাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন ভাইস অ্যাডমিরাল মার্ক ফক্স। তিনি গত সপ্তাহে অভিযোগ করেন, ইরান উপসাগরীয় অঞ্চলে তার শক্তি বাড়াচ্ছে। তারা আত্মঘাতী হামলা চালানোর জন্য নৌকা প্রস্তুত করছে। রয়টার্স, এএফপি।