ভূমধ্যসাগরে উপস্থিতি বাড়াচ্ছে রাশিয়া
ভূমধ্যসাগরে আবার নৌবাহিনীর স্থায়ী উপস্থিতি গড়ে তোলার জন্য রাশিয়ার নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। কৌশলগত ওই অঞ্চলে ‘জাতীয় স্বার্থ রক্ষা’র জন্য রাশিয়ার নৌবাহিনী টহল শুরু করবে বলে জানা গেছে। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোয়িগু গত বুধবার রাজধানী মস্কোয় শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেন, ‘ভূমধ্যসাগরে স্থায়ী ভিত্তিতে একটি টাস্কফোর্স মোতায়েন করার ইচ্ছা রয়েছে। ওই অঞ্চলে রাশিয়ার জাতীয় স্বার্থ রক্ষার জন্য এটা করা হবে।’ এর আগে দেশটির একজন জেনারেল স্টাফ কর্মকর্তা জানিয়েছিলেন, কৃষ্ণসাগরে মোতায়েনকৃত নৌবহর থেকে একটি টাস্কফোর্স সরিয়ে ২০১৫ সালে ভূমধ্যসাগরে মোতায়েন করা হবে। এই টাস্কফোর্স সেখানে সারা বছর দায়িত্ব পালন করবে। ওই কর্মকর্তা আরও জানিয়েছিলেন, টাস্কফোর্সটি সাবেক সোভিয়েত আমলের নৌবাহিনীর একটি গ্রুপের আদলে গড়ে তোলা হবে, যেটি স্নায়ুযুদ্ধের সময় ভূমধ্যসাগরে দায়িত্ব পালনরত ছিল। প্রসঙ্গত, দ্য ফিফথ অপারেশন স্কোয়াড্রন নামে একটি সোভিয়েত নৌবহর ১৯৬৭ সালে ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছিল। আরব-ইসরায়েল যুদ্ধ শুরুর মাত্র ছয় দিনের মাথায় ওই নৌবহর মোতায়েন করা হয়। রাশিয়ার ঐতিহাসিকদের বিশ্বাস, যুক্তরাষ্ট্র যাতে তার ষষ্ঠ নৌবহর ইসরায়েলের পক্ষে ব্যবহার করতে না পারে, সে জন্য রাশিয়া ওই ব্যবস্থা নিয়েছিল।রাশিয়ার ওই নৌবহরে ৮০টি যুদ্ধজাহাজ ছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর ১৯৯২ সালে ওই নৌবহর প্রত্যাহার করে নেওয়া হয়। দ্য হিন্দু।