ভূমধ্যসাগরে উল্টালো নৌকা, কয়েকশ লোকের প্রাণহানির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকা থেকে সাগরপথে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরে পাঁচ থেকে সাত শ’ যাত্রী নিয়ে একটি নৌকা উল্টে গেছে। এতে কয়েক শ লোকের সলিলসমাধির আশঙ্কা করা হচ্ছে। ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের সন্নিকটে ও লিবিয়ার জলসীমায় এ দুর্ঘটনা ঘটে।

ইতালির কর্মকর্তারা বলেছেন, এ পর্যন্ত ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।
ইতালির কর্মকর্তারা বলেছেন, ল্যাম্পেডুসা থেকে ২১০ এবং লিবিয়ার উপকূল থেকে ২৭ কিলোমিটার দূরে ইতালির উদ্ধার কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
ইতালির কোস্টগার্ডের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, উদ্ধার অভিযানে নিখোঁজদের খোঁজ ও মৃতদেহ উদ্ধার কাজ চলছে। তবে পরে শুধু মরদেহের খোঁজ চলবে। তিনি জানান, ২০টি জাহাজ এবং তিনটি হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজ চলছে।

ইতালির কোস্টগার্ডের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল শনিবার রাতে লিবিয়ার সমুদ্র উপকূল থেকে ২৭ কিলোমিটার দুরে ডুবে যাওয়া নৌকাটিতে ‘৫০০ থেকে ৭০০’ এর মতো যাত্রী ছিল। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এ বছরের প্রথম দিকে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে ৯০০ জনের মতো নিখোঁজ হয়।