ভূমধ্যসাগরে নৌকা থেকে ২৫ শরণার্থীর লাশ উদ্ধার
ভূমধ্যসাগরে রাবারের একটি নৌকায় ২৫ জন শরণার্থী নারী-পুরুষের মৃতদেহ পাওয়া গেছে। রয়টার্সের খবরে বলা হয়, একই নৌকা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১০৭ জনকে। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা মেদসাঁ সঁ ফ্রতিয়েখ (এমএসএফ) আজ বুধবার এ কথা জানিয়েছে। এমএসএফের এক মুখপাত্র জানান, মঙ্গলবার রাতে ওই মৃতদেহগুলো পাওয়া যায় এবং জীবিত ব্যক্তিদের উদ্ধার করা হয়।
এমএসএফের ভূমধ্যসাগরে উদ্ধারকারী ইউনিটের এক টুইট বার্তায় বলা হয়, ‘জীবিত উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে ২৩ জনের শরীর রাসায়নিক দ্রব্যে ভয়াবহ দগ্ধ হয়। এর মধ্যে সাতজনের অবস্থা এতটাই গুরুতর যে হেলিকপ্টার দিয়ে তাঁদের দ্রুত ইতালিতে নেওয়া প্রয়োজন।’
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাব অনুযায়ী, চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছে। ইতালির কোস্টগার্ড জানিয়েছে, গতকাল মঙ্গলবার তাঁরা একটি নৌকা থেকে ৫০০ অভিবাসীকে উদ্ধার করে।