ভূমধ্যসাগরে যাচ্ছে রুশ যুদ্ধজাহাজ, আরও বিমান পাঠাল যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সামরিক অভিযান চালানোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু রণপ্রস্তুতি থেমে নেই।

সিরিয়ার উপকূলবর্তী ভূমধ্যসাগরীয় দেশ সাইপ্রাসে গতকাল বৃহস্পতিবার ছয়টি যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাজ্য। সিরিয়ার মিত্র দেশ রাশিয়া পাল্টা ব্যবস্থা হিসেবে ভূমধ্যসাগরে পাঠাচ্ছে ডুবোজাহাজবিধ্বংসী যুদ্ধজাহাজ। আর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তাঁর দেশে কোনো রকম আগ্রাসন চালানো হলে সমুচিত জবাব দেওয়া হবে। অন্যদিকে মার্কিন সামরিক দপ্তর অপেক্ষায় আছে ওবামার নির্দেশের।

প্রতিবেদনের অপেক্ষায় মুন: সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগটি তদন্ত করছে জাতিসংঘের একটি পর্যবেক্ষক দল। পারমাণবিক বিশেষজ্ঞ এই দলটি আগামীকাল শনিবার সিরিয়া থেকে ফিরবে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন জানিয়েছেন, তিনি ওই বিশেষজ্ঞ দলের প্রতিবেদনের অপেক্ষায় আছেন। শনিবার সিরিয়া থেকে ফিরে শিগগিরই তারা প্রতিবেদন দেবে বলে তিনি আশা করছেন।

তবে সিরিয়া সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক শক্তিগুলোকে একটি মতৈক্যে পৌঁছার আহ্বান জানিয়েছেন মুন। তিনি বলেছেন, ‘কূটনীতিকে একটি সুযোগ দেওয়া উচিত, শান্তিকে একটি সুযোগ দেওয়া উচিত।’

চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ওবামা: রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হলে চরম পদক্ষেপ নেওয়া হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। এর মধ্যে গত সপ্তাহে সিরিয়ার আসাদ বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তোলে দেশটির বিদ্রোহীরা। তাদের দাবি, রাসায়নিক অস্ত্রে হাজারো মানুষ নিহত হয়েছে।

ওই অভিযোগ ওঠার পরদিনই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দেন, সিরিয়ায় সামরিক অভিযান চালানোর জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে তাঁর বাহিনী। এখন শুধু প্রেসিডেন্ট ওবামার নির্দেশের অপেক্ষা। এ অবস্থায় সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অনুমোদন দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত বুধবার প্রস্তাব তুলেছে যুক্তরাজ্য।

তবে বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম পিবিএসের নিউজ আওয়ার অনুষ্ঠানে ওবামার কাছে জানতে চাওয়া হয়েছিল, সিরিয়ায় অভিযান শুরুর নির্দেশ দেওয়ার কতটা কাছাকাছি তিনি পৌঁছেছেন। জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’

ওবামা আরও বলেন, ‘আমরা সব তথ্যপ্রমাণ যাচাই করে দেখছি। তবে আমরা বিশ্বাস করি না যে সিরিয়ার বিদ্রোহীরা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।’

জঙ্গি বিমান পাঠাল যুক্তরাজ্য: সিরিয়ার উপকূলবর্তী ভূমধ্যসাগরীয় দ্বীপ দেশ সাইপ্রাসে গতকাল ছয়টি আরএএফ টাইফুন জঙ্গি বিমান পাঠিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সিরিয়া নিয়ে উত্তজেনা বাড়তে থাকায় ওই অঞ্চলে ব্রিটিশ স্বার্থ রক্ষার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে বিমানগুলো পাঠানো হয়েছে।

এদিকে, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গতকাল বলা হয়েছে, সিরিয়ার বিরুদ্ধে সমারিক পদক্ষেপ নেওয়ার উদ্যোগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্মতি না দিলেও আন্তর্জাতিক আইন অনুযায়ী অভিযান চালাতে পারবে যুক্তরাজ্য। সরকারে একটি আইনি পরামর্শে বলা হয়, নিরাপত্তা পরিষদের বাধা সত্ত্বেও আন্তর্জাতিক আইনের আওতায় সিরিয়ায় অভিযান চালাতে যুক্তরাজ্যের জন্য কোনো বাধা থাকবে না। তবে ওই অভিযান হতে হবে মানবিক কারণে।

যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া: রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স গতকাল এক প্রতিবেদনে জানায়, কয়েক দিনের মধ্যে ভূমধ্যসাগরে একটি ডুবোজাহাজবিধ্বংসী যুদ্ধজাহাজ ও একটি ক্ষেপণাস্ত্রবাহী রণতরি পাঠাবে রাশিয়া।

একটি সূত্র ইন্টারফ্যাক্সকে জানায়, পূর্ব ভূমধ্যসাগরে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে করে সেখনে নৌশক্তি সমন্বয় করা প্রয়োজন হয়ে পড়েছে। সেখানে অবস্থান করা রাশিয়ার নৌবহরের সঙ্গে কয়েক দিনের মধ্যে যোগ দেবে ডুবোজাহাজবিধ্বংসী একটি বড় আকারের যুদ্ধজাহাজ। পরে এর সঙ্গে যুক্ত হবে ক্ষেপণাস্ত্রবাহী একটি রণতরি। বর্তমানে উত্তর আটলান্টিকে অবস্থান করা এই রণতরিটি সেখানে কাজ শেষ করে জিব্রাল্টার প্রণালির দিকে যাত্রা শুরু করবে তাড়াতাড়ি।

আগ্রাসন প্রতিহতের ঘোষণা আসাদের: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গতকাল বলেছেন, তাঁর দেশে বাইরের কোনো শক্তি আগ্রাসন চালালে তা সমুচিতভাবে প্রতিহত করা হবে। ইয়েমেনের রাজনীতিবিদদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন।

আসাদ বলেন, ‘ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর স্বার্থ হাসিল করার জন্য যারা এই অঞ্চলে বিভাজন এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে অন্যের বশ্যতা মেনে নিতে বাধ্য করার চেষ্টা করছে, সেই সন্ত্রাসীদের বিতাড়িত করতে সিরিয়া বদ্ধপরিকর। সিরিয়ার বিপ্লবী জনগণ ও বীর সেনাবাহিনীই তা করবে।’ এএফপি, রয়টার্স ও বিবিসি।