সিরিয়ায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে। এদিকে জ্বালানি-সংকটের কারণে সিরিয়ায় যুদ্ধপীড়িত ব্যক্তিদের মধ্যে ত্রাণ সরবরাহ ব্যাহত হচ্ছে বলে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে একাধিক বার্তা সংস্থা জানায়, ইয়ারোস্লাভল মুদ্রি, কালিনিনগ্রাদ ও আলেক্সান্দর শাবালিন নামের তিনটি রণতরীসহ আরও দুটি জাহাজ রাশিয়ার বাল্টিস্ক বন্দর থেকে বাল্টিক সাগর হয়ে ভূমধ্যসাগরের দিকে রওনা হয়েছে। রুশ সরকারের বিবৃতিতে সিরিয়া সম্পর্কে কিছু বলা হয়নি। তবে সিরিয়া পরিস্থিতির অবনতি হলে সেখানে অবস্থানরত কয়েক হাজার রুশ নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনাই ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান ভ্যালেরি অ্যামোস বলেছেন, সিরিয়ায় ত্রাণতৎপরতা অব্যাহত রাখতে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ রাখতে হবে। এ ছাড়া দেশটিতে আরও অন্তত ১০টি ত্রাণ সংস্থাকে ঢোকার অনুমতি দেওয়া দরকার। সিরিয়ার দামেস্কে পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিত মুয়াল্লেম ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় সেখানে ক্রমবর্ধমান মানবিক সংকটের বিষয়টি তুলে ধরেন ভ্যালেরি। তিনি বলেন, সর্বত্র সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জরুরি ভিত্তিতে তেল আমদানির অনুমোদন দিতে হবে। একই সঙ্গে জাতিসংঘের কর্মীদের অবাধে চলাফেরার সুযোগ দেওয়া উচিত। জাতিসংঘের হিসাব অনুযায়ী সিরিয়ায় অন্তত ২৫ লাখ মানুষের মানবিক সাহায্য প্রয়োজন। দেশটির প্রায় পাঁচ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। সিরিয়ায় গত ২১ মাসের সহিংসতায় এ পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ফিলিস্তিনি মিলিশিয়াদের সঙ্গে সিরীয় বিদ্রোহীদের লড়াই: দামেস্কের দক্ষিণাঞ্চলীয় ইয়ারমুক শরণার্থীশিবিরে সিরীয় বিদ্রোহী ও ফিলিস্তিনি মিলিশিয়াদের মধ্যে গতকাল প্রচণ্ড লড়াই হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে। সংস্থাটির পরিচালক রামি আবদেল রহমান বলেন, দামেস্কে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন ফিলিস্তিনি নাগরিক ছিলেন। এতে সিরিয়ার লড়াইয়ে ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত থাকার প্রমাণ স্পষ্ট হয়ে উঠল।সিরিয়ায় তিন বিদেশি নাগরিক অপহূত: সিরিয়ার বন্দরনগর তার্তুস এলাকা থেকে রাশিয়ার দুজন ও ইতালির এক শ্রমিককে অপহরণ করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানায়, ওই তিন শ্রমিক যে প্রতিষ্ঠানে চাকরি করেন, ওই প্রতিষ্ঠানের কাছে তাঁদের মুক্তিপণ দাবি করা হয়েছে। অপহূত শ্রমিকদের মুক্তির ব্যাপারে সিরিয়া সরকারের সঙ্গে আলোচনা করবে রাশিয়া। এএফপি ও বিবিসি।