ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন হু জিনতাও
চীনের চিংহাই প্রদেশের উসু কাউন্টিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন সে দেশের প্রেসিডেন্ট হু জিনতাও। গত বুধবার আঘাত হানা এই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭০৬ জনে। এ সময়ের মধ্যে জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ১৭ হাজার ব্যক্তিকে। উদ্ধার-তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পে উসু কাউন্টির জেগু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রোববার জেগু এলাকার ঝাসি দাতোং গ্রাম ঘুরে দেখেন হু জিনতাও। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক নাগরিককে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন তিনি। এ ছাড়া উদ্ধার-তৎপরতা চালিয়ে যাওয়ার জন্য কর্মীদের উৎসাহ দেন প্রেসিডেন্ট। হু জিনতাও নতুন বিদ্যালয় ও বাড়ি-ঘর নির্মাণে প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, শিশুদের কথা চিন্তা করে যত দ্রুত সম্ভব আমাদের এমন পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে তারা ফের পড়ালেখা শুরু করতে পারে।চীনের ভূমিকম্প-বিষয়ক প্রশাসনের জরুরি তৎপরতা বিভাগের উপপ্রধান মিয়াও চোংগ্যাং জানিয়েছেন, উসুর বিভিন্ন এলাকার ধ্বংসস্তূপ থেকে এরই মধ্যে অন্তত ১৭ হাজার ব্যক্তিকে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে। এ কাজে ১৫ হাজারের বেশি কর্মকর্তা ও কর্মী তৎপর রয়েছেন। তাঁদের মধ্যে সেনা ও পুলিশের ১১ হাজার সদস্য আছেন। তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।সিনহুয়া জানিয়েছে, সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা এক হাজার ৭০৬ জনে দাঁড়িয়েছে। তিব্বতের বৌদ্ধ ভিক্ষুরা দাবি করেছেন, সরকারি গণনায় শত শত লাশ বাদ পড়েছে।এদিকে দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছাতে শুরু করেছে। খাদ্য ও আশ্রয়ের খোঁজে হাজার হাজার মানুষ সেখানে মরিয়া হয়ে উঠেছে। এএফপি, রয়টার্স ও বিবিসি অনলাইন।