ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকিতে ওয়েলিংটন!
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে যেকোনো সময় ৭ দশমিক ১ তীব্রতার ভূমিকম্প আঘাত হানতে পারে। ভূতাত্ত্বিক ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটতে পারে। আজ বুধবার বিজ্ঞানীরা এ আশঙ্কা প্রকাশ করে বলেন, ভূমিকম্প আঘাত হানার মতো সবচেয়ে ঝুঁকিপূর্ণ নগরগুলোর একটি হচ্ছে ওয়েলিংটন। খবর এএফপির।
নিউজিল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড অ্যাটমোসফেরিক (এনআইডব্লিউএ) রিসার্চ এজেন্সির বিজ্ঞানীরা ওয়েলিংটনের এই ভূতাত্ত্বিক ত্রুটি আবিষ্কারের তথ্য জানান। ওয়েলিংটন বন্দরের কাছে ওই ত্রুটিরেখার দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার।
এনআইডব্লিউএর সমুদ্রবিষয়ক ভূতত্ত্ববিদ ফিলিপ বার্নস বলেন, ‘ভূতাত্ত্বিক ত্রুটির কারণে ওয়েলিংটনে ৬ হাজার ২০০ বছর আগে বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছিল। কয়েক হাজার বছর পর পর এ ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তবে ভবিষ্যতে কখন ভূমিকম্পটি আঘাত হানবে, এ ব্যাপারে ধারণা নেই আমাদের।’
জিওনেটের ভূমিকম্প বিশেষজ্ঞ রাশ ফন ডিসেন বলেন, নতুন ত্রুটিটি ওয়েলিংটন ভূখণ্ডে থাকা কয়েক ডজন সক্রিয় ভূতাত্ত্বিক ত্রুটির একটি। এর বিরূপ প্রভাবে সর্বোচ্চ ৮ দশমিক ৫ তীব্রতার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানতে পারে।
ওয়েলিংটনে বড় ধরনের আরও ভূতাত্ত্বিক ত্রুটি থাকার আশঙ্কা প্রকাশ করে ফন ডিসেন বলেন, নতুন ত্রুটির সঙ্গে সমন্বয় রেখে বিদ্যমান ভবন নির্মাণের বিধি হওয়া উচিত।