ভেকট্রার প্রধানের ভারত ত্যাগের ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান ভেকট্রা গ্রুপের প্রধান রবি ঋষির ভারত ত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ভারতীয় সেনাবাহিনীর জন্য টাট্রা ট্রাক কেনায় অনিয়মে জড়িত থাকার অভিযোগে রবি ঋষির বিরুদ্ধে মামলা রয়েছে।ভারতের সেনাপ্রধান ভি কে সিং সেনাবাহিনীর জন্য ট্রাক কেনায় রবি ঋষির বিরুদ্ধে অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলেছিলেন। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে রবি ঋষি দাবি করেন, সরকারি খাতের ওই ট্রাকগুলো ভারত আর্থ মোভারস লিমিটেড নামক প্রতিষ্ঠানের মাধ্যমে কেনা হয়েছিল। এ ব্যাপারে সেনাপ্রধান জেনারেল ভি কে সিংয়ের অভিযোগ ভিত্তিহীন।ভারতের সরকারি সূত্র জানায়, রবি ঋষিকে আবারও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। রবির ভারত ত্যাগের পথ বন্ধ করতে দেশের সব বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সতর্কতা জারি করা হয়েছে।সিবিআইয়ের তদন্তে সহায়তার স্বার্থে মামলার ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি রবি ঋষি। ইতিমধ্যে তাঁকে দুবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।ভি কে সিং অভিযোগ করেন, তুলনামূলক নিম্নমানের ট্রাক হস্তান্তরের ছাড়পত্র দেওয়ার বিনিময়ে তাঁকে ঘুষ হিসেবে ১৪ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন লে. জেনারেল (অব.) তেজিন্দর সিং।অভিযোগ অস্বীকার করে তেজিন্দর সিং সেনাপ্রধান ভি কে সিংসহ জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। সিবিআইয়ের কর্মকর্তারা সেনাপ্রধানের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর এই ঘুষ কেলেঙ্কারির ব্যাপারে প্রাথমিক তদন্ত অথবা মামলার সিদ্ধান্ত নেবেন। ভি কে সিং শিগগিরই এ ঘটনায় আরও প্রমাণ উপস্থাপন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।এদিকে ভারতের জাতীয় নিরাপত্তাবিষয়ক সাবেক উপদেষ্টা ব্রিজেশ মিশ্র বলেছেন, ঘুষ কেলেঙ্কারির অভিযোগের ব্যাপারে ব্যবস্থা না নেওয়ায় সরকার ও সেনাবাহিনী উভয়েই দায়ী। জেনারেল ভি কে সিংকে এখনই বাধ্যতামূলক ছুটিতে পাঠানো উচিত। সরকারি বেতনসহ দুই মাস ছুটি কাটিয়ে পেনশনসহ তাঁর বিদায় নেওয়া উচিত।দেশের নিরাপত্তাব্যবস্থায় বিদ্যমান ত্রুটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী মনমোহনকে লেখা জেনারেল ভি কে সিংয়ের চিঠি ফাঁস হওয়ার ব্যাপারে ব্রিজেশ বলেন, সেনাপ্রধানের কাছের লোকজনই এ জন্য দায়ী। পিটিআই ও এএফপি।