ভেঙে দেওয়া হলো টিম আন্না
ভারতের বিশিষ্ট সমাজকর্মী ও দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারের সংগঠন ‘টিম আন্না’ গতকাল সোমবার ভেঙে দেওয়া হয়েছে। একটি নতুন রাজনেতিক দল গঠনের পথ সুগম করাই এ পদক্ষেপের লক্ষ্য বলে দৃশ্যত মনে করা হচ্ছে। একই সঙ্গে, আন্না হাজারে শক্তিশালী লোকপাল বিল নিয়ে সরকারের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা না করারও সিদ্ধান্ত গ্রহণ করেছেন।রাজধানী নয়াদিল্লির যন্তর-মন্তরে টিম আন্নার অনির্দিষ্টকালের অনশন শেষ হওয়ার তিন দিন পর গতকাল এই সংগঠনটিকে ভেঙে দেওয়া হলো। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জনগণের সামনে একটি বিকল্প রাজনৈতিক দল উপস্থাপনের পরিকল্পনা ওই অনশন ভাঙার আগে প্রকাশ করা হয়।টিম আন্না ভেঙে দেওয়ার বিষয়টি গতকাল আন্না হাজারে ঘোষণা করেন। তিনি এ সময় রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া নিয়ে কথা বললেও শিগগিরই এর গঠনের ঘোষণা দেওয়া হবে কি না, সে ব্যাপারে স্পষ্টভাবে কিছু উল্লেখ করেননি।আন্না বলেন, ‘সরকারের মধ্যে লোকপাল বিল পাসের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ নিয়ে আমরা আর কত দিন ও কতবার অনশন করব?’আন্না বলেন, ‘জনগণ এই অনশন ছেড়ে আমাদের কাছে বিকল্প রাজনৈতিক দল উপহার চাচ্ছে। আমি নিজেও ভেবে দেখেছি, সরকার দুর্নীতি ঠেকাতে কিছুই করতে চাইছে না।’ আন্না হাজারে আরও বলেন, ‘আর এ জন্য আমরা আজ থেকে টিম আন্নার কার্যক্রম বন্ধ করে দিচ্ছি। টিম আন্না লোকপাল বিলের জন্য লড়তে গঠন করা হয়েছিল। আমরা সরকারের সঙ্গে আর কোনো আলোচনা না করারও সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে টিম আন্না কিংবা এর কার্যকরী কমিটি থাকবে না।’ টাইমস অব ইন্ডিয়া।