ভেনেজুয়েলার প্রস্তাব এখনো গ্রহণ করেননি স্নোডেন: উইকিলিকস

ভেনেজুয়েলা সরকারের রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব এখনো গ্রহণ করেননি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। মার্কিন গোপন তথ্য ফাঁসকারী আলোড়ন তোলা ওয়েবসাইট উইকিলিকস গতকাল মঙ্গলবার এ দাবি করেছে। খবর রয়টার্সের।
এর আগে রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষের আন্তর্জাতিকবিষয়ক কমিটির প্রধান আলেকজেই পুশকভ তাঁর ব্যক্তিগত টুইটার বার্তায় গতকাল বলেন, ‘যা ধারণা করা হয়েছিল, ঠিক তা-ই হয়েছে। রাজনৈতিক আশ্রয়ের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর প্রস্তাবেই সম্মত হয়েছেন স্নোডেন। আপাতদৃষ্টিতে এই প্রস্তাবই স্নোডেনের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য মনে হয়েছে।’
প্রকাশ হওয়ার ৩০ মিনিট পর বিবৃতিটি টুইটার অ্যাকাউন্ট থেকে মুছে ফেলেন পুশকভ।
টুইটার বার্তায় উইকিলিকস জানিয়েছে, স্নোডেন এখনো আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার প্রস্তাব গ্রহণ করেননি। ভেনেজুয়েলায় স্নোডেনের রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে রাশিয়ার শীর্ষ কর্মকর্তার দেওয়া টুইটার বার্তাটি মুছে ফেলা হয়েছে।
মস্কো থেকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যেতে হয় হাভানা হয়। আজ হাভানার উদ্দেশে মস্কোর কোনো ফ্লাইটও নেই বলে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুশকভের এ বার্তার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।
টুইটারে প্রথম বার্তাটি মুছে ফেলার পর পুশকভ অপর এক বার্তায় দাবি করেন, রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভেসতি-২৪-এর প্রতিবেদন সূত্রে স্নোডেনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জেনেছেন তিনি। পরে তিনি তাঁর প্রথম বার্তাটি সংশোধন করে লেখেন, ভেসতি-২৪-এর প্রতিবেদন অনুযায়ী ভেনেজুয়েলা সরকারের রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করেছেন স্নোডেন।
মঙ্গলবার সকালে টেলিভিশন চ্যানেলটির ওয়েবসাইটের প্রতিবেদনে দাবি করা হয়, সিআইএর সাবেক গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে অবশেষে উত্তর পেয়েছে ভেনেজুয়েলা। স্নোডেনের কাছ থেকে রাজনৈতিক আশ্রয়ের আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো।
প্রায় দুই সপ্তাহ ধরে রাশিয়ার মস্কোর শেরেমেতেয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবস্থানকারী মার্কিন তরুণ স্নোডেন রাজনৈতিক আশ্রয় চেয়ে ২১টি দেশের সরকারের কাছে আবেদন করেন। জবাবে নিকারাগুয়া, বলিভিয়াসহ ভেনেজুয়েলা সরকার স্নোডেনকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দেয়। হংকং থেকে গত ২৩ জুন রাশিয়ায় যান স্নোডেন। সারা বিশ্বের জনসাধারণের ওপর মার্কিন নজরদারির গোয়েন্দা তথ্য ফাঁস করে তিনি যুক্তরাষ্ট্রের রোষানলে পড়েন।