ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের প্রায় ৭০ শতাংশ এলাকা গত মঙ্গলবার বিদ্যুৎবিহীন ছিল। বিদ্যুৎ না থাকায় শহরের ট্রাফিক বাতি নিভে গেলে রাস্তায় যানজট দেখা দেয়। ভূগর্ভস্থ পরিবহন-ব্যবস্থাও আংশিক বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ না থাকায় হাজার হাজার কর্মী বাড়ি ফিরে যান। পরে ধীরে ধীরে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ-ব্যবস্থা সরবরাহ স্বাভাবিক হয়।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বিদ্যুৎ-ব্যবস্থার বিপর্যয়কে ‘নাশকতা’ বলে উল্লেখ করে এ জন্য বিরোধী পক্ষকে দায়ী করেন। খুদে ব্লগ লেখার সাইট টুইটারে এক বার্তায় মাদুরো বলেন, সবকিছু দেখে মনে হচ্ছে, কট্টর ডানপন্থীরা পরিকল্পিতভাবে দেশের বিরুদ্ধে গিয়ে এই বিদ্যুৎ-বিপর্যয় ঘটিয়েছে।
তবে সরকারের সমালোচকেরা দুর্বল ব্যবস্থাপনা এবং অবকাঠামো খাতে বিনিয়োগের ব্যর্থতার কারণে এই বিপর্যয় ঘটেছে বলে জানান।
কর্তৃপক্ষ বলছে, সরকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে। তারা কারাকাসের পরিবহন ব্যবস্থার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে।
ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজ সরকারের বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় ২০১০ সালে এক অধ্যাদেশে স্বাক্ষর করেন। ভেনেজুয়েলায় প্রচুর তেলের মজুদ থাকলেও দেশটির বিদ্যুৎ-ব্যবস্থার প্রায় ৭০ শতাংশ জলবিদ্যুতের ওপর নির্ভরশীল। এএফপি ও বিবিসি।