ভেনেজুয়েলা ও কলম্বিয়ার মধ্যে আবার কূটনৈতিক সম্পর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারস্পরিক বৈরী ভাবাপন্ন মনোভাব থেকে সরে এসে কলম্বিয়া ও ভেনেজুয়েলা আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। গত মঙ্গলবার কলম্বিয়ার সান্তা মার্তা শহরে সে দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ টানা চার ঘণ্টা বৈঠক করে যৌথভাবে কূটনৈতিক সম্পর্ক আবার শুরু করার ঘোষণা দেন।কলম্বিয়ার সদ্যবিদায়ী প্রেসিডেন্ট আলভারো উরিবে তাঁর দেশের বিদ্রোহীদের ভেনেজুয়েলা মদদ দিচ্ছে বলে অভিযোগ করায় গত মাসে শাভেজ কলম্বিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। তবে গত শনিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে সান্তোস দায়িত্ব নেওয়ার পর দুই দেশ সম্পর্ক পুনঃস্থাপনে উদ্যোগী হয়।কলম্বিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, সান্তা মার্তা শহরের যে ভবনে বসে এই দুই নেতা বৈঠক করেন, সেটি হুগো শাভেজের প্রিয় নেতা ও দক্ষিণ আমেরিকার স্বাধীনতা আন্দোলনের প্রবাদপুরুষ সিমন বলিভারের স্মৃতিবিজড়িত বাড়ি। এ ভবনেই ১৮৩০ সালে বলিভার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।কর্মকর্তারা বলেন, বৈঠকে দুই নেতার মধ্যে উষ্ণ আলোচনা হয়। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় শাভেজ সান্তোসকে অভিনন্দন জানান। আজ বৃহস্পতিবার সান্তোষের জন্মদিন হওয়ায় শাভেজ তাঁকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানান এবং উপহার হিসেবে শাভেজ তাঁর হাতে তাঁর প্রিয় নেতা সিমন বলিভারের একটি জীবনীগ্রন্থ তুলে দেন।বৈঠক শেষে তাঁরা জানান, ব্যক্তিপর্যায়ে তাঁদের মধ্যে মতের অমিল থাকলেও দুই দেশের জাতীয় স্বার্থের ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়াবে না। প্রেসিডেন্ট সান্তোস বলেন, তাঁদের মধ্যে বস্তুনিষ্ঠ বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা হয়েছে। তাঁরা মনে করেন, পরস্পরের প্রতি আস্থা তৈরিতে তাঁরা কার্যকর পদক্ষেপ নিতে সমর্থ হয়েছেন। তিনি বলেন, যত দ্রুত সম্ভব তাঁরা উভয় দেশে রাষ্ট্রদূত নিয়োগ করবেন। কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট উরিবে অভিযোগ করে আসছিলেন ভেনেজুয়েলা তাঁদের দেশের বিদ্রোহীদের মদদ দিচ্ছে। সর্বশেষ তিনি অভিযোগ করেন, প্রায় দেড় হাজার বিদ্রোহী ভেনেজুয়েলার সীমান্ত এলাকায় ঘাঁটি গেড়েছে। তাঁর এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ২২ জুলাই শাভেজ কলম্বিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বোগোটা থেকে তাঁদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেন।বৈঠক শেষে শাভেজ বলেন, ‘আমি লাখোবার বলেছি, আমার সরকার ভেনেজুয়েলার ভূখণ্ডে কোনো গেরিলা, সন্ত্রাসী অথবা মাদক পাচারকারীকে আশ্রয়-প্রশ্রয় দেয়নি।’ তিনি বলেন, প্রেসিডেন্ট সান্তোসকে এ কথা বিশ্বাস করানো দরকার যে ভেনেজুয়েলায় তাঁরা কোনো গেরিলাঘাঁটির সন্ধান পাননি। প্রেসিডেন্ট সান্তোস এর আগে (প্রেসিডেন্ট উরিবের আমলে) প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। অনেক আগে থেকেই তিনি শাভেজের সমালোচক। তবে তিনি বলেছেন, তাঁরা এখন শূন্য থেকে সম্পর্ক শুরু করতে চান। এ লক্ষ্যে তাঁরা দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে চান। শিগগিরই কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিয়া আঙ্গেলা হলগিন ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সফর করবেন। ওই সময় দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও দ্বিপক্ষীয় বাণিজ্যসহ বেশ কিছু ইস্যু নিয়ে যৌথ কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে। এএফপি ও বিবিসি অনলাইন।