ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রের তিন কূটনীতিক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলায় সরকারবিরোধীদের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত বলে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। এ অভিযোগের পাশাপাশি কারাকাস থেকে তিন মার্কিন কূটনীতিককে গত রোববার বহিষ্কার করেছেন তিনি। জাতীয় গণমাধ্যমে সম্প্রচারিত এক বক্তব্যে মাদুরো বলেন, ‘আমি তিনজন মার্কিন কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে ভেনেজুয়েলা থেকে বহিষ্কারের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি। তাঁরা ওয়াশিংটনে গিয়ে ষড়যন্ত্র করুন। তাঁরা ভেনেজুয়েলার শিক্ষার্থীদের মার্কিন ভিসা দেওয়ার ছলে সরকারবিরোধী আন্দোলনে ইন্ধন জুগিয়েছেন।’
এদিকে, পলাতক বিরোধীদলীয় নেতা লিওপোলদো লোপেজকে রোববার জনসমক্ষে দেখা গেছে। তিনি আজ মঙ্গলবার একটি জনসভা ডেকেছেন। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করতে সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।
ভেনেজুয়েলায় প্রায় দুই সপ্তাহ ধরে শিক্ষার্থীরা সরকারবিরোধী বিক্ষোভ করছেন। গত বছর হুগো চাভেজের মৃত্যুর পর সমাজতন্ত্রপন্থী সরকারের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় আন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে।
সরকারবিরোধীদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গত সেপ্টেম্বরেও তিনজন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছিলেন মাদুরো। এএফপি।